তিন মাস পরও ধরা-ছোঁয়ার বাইরে তনু হত্যাকারীরা
কুমিল্লা ভিক্টোরিয়া কলেজছাত্রী সোহাগী জাহান তনু হত্যাকাণ্ডের তিন মাস অতিবাহিত হলেও ঘাতকরা এখনো ধরা-ছোঁয়ার বাইরে রয়েছে। তাদের শনাক্ত বা গ্রেফতারে কিংবা মামলার তদন্তে দৃশ্যমান কোনো অগ্রগতি নেই। তাই অবিলম্বে তাদের গ্রেফতার করার দাবি জানানো হয়।
সোমবার দুপুরে নগরীর কান্দিরপাড় পূবালী চত্বরে এক প্রতিবাদ সমাবেশে এ দাবি জানানো হয়। সমাবেশ শেষে দুপুর দেড়টার দিকে বিক্ষোভ মিছিল বের করে গণজাগরণ মঞ্চ-কুমিল্লা। তনু হত্যা তিন মাস পূর্তি উপলক্ষে এ কর্মসূচির আয়োজন করা হয়।
সমাবেশে হত্যাকারীদের গ্রেফতারের দাবি জানিয়ে তনুর মা আনোয়ারা বেগম বলেন, ‘সেনাবাহিনীর একটি অনুষ্ঠানে গান না গাওয়ায় তনুকে হত্যা করা হয়েছে। সেনাবাহিনীর লোকজন বিভিন্নভাবে আমাদের হুমকি দিয়ে যাচ্ছে। সেনাবাহিনী মেয়ের সব স্মৃতি নিয়ে গেছে। ওরা ডায়েরি নিয়ে গেছে, বাসা থেকে সব অ্যালবাম নিয়ে গেছে। বিচার হতে দেয়া হচ্ছে না। আমরা সরকারের বিরুদ্ধে কথা বলি না। আমার মেয়ের হত্যার বিরুদ্ধে কথা বলি, বিচার পাওয়ার জন্য কথা বলি।’
সমাবেশে আরো বক্তব্য রাখেন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি কুমিল্লা জেলা শাখার সাধারণ সম্পাদক পরেশ রঞ্জন কর, মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন বাবুল, তনুর ছোট ভাই আনোয়ার হোসেন, গণজাগরণ মঞ্চ কুমিল্লার মুখপাত্র খায়রুল আনাম রায়হান, সংগঠক আবুল কাশেম হৃদয়, মোতাহার হোসেন প্রমুখ।
উল্লেখ্য, গত ২০ মার্চ রাতে কুমিল্লা সেনানিবাসের ভেতরেই বাসা থেকে ২০০ গজ দূরে টিউশন শেষে ফেরার পথে নিখোঁজ হন তনু। রাতেই অলিপুরের একটি ঝোঁপের মধ্যে তনুর মরদেহ পাওয়া যায়। পাশেই ছিল তার জুতা, ছেঁড়া চুল ও ছেঁড়া ওড়না।
কামাল উদ্দিন/এআরএ/আরআইপি