নাঙ্গলকোট উপজেলা ভাইস চেয়ারম্যানের উপর হামলা


প্রকাশিত: ০২:৪৭ পিএম, ২১ জুন ২০১৬

কুমিল্লার নাঙ্গলকোটে উপজেলা ভাইস চেয়ারম্যান আবু ইউসুফ ভূইয়ার উপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার বিকেলে উপজেলার ঢালুয়া বাজারে এ ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, ঢালুয়া বাজারে সিএনজি চালকদের স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে একটি সভা করেন উপজেলা ভাইস চেয়ারম্যান আবু ইউসুফ ভূইয়া। এখানে সিএনজি চালকদের দুটি গ্রুপ রয়েছে। বিকেলে ভাইস চেয়ারম্যান বাজারে এলে তার উপর বিক্ষুব্ধ গ্রুপটি হামলা চালায়। এসময় তাকে কুপিয়ে গুরুতর আহত করা হয়।

ভাইস চেয়ারম্যানের লোকজন স্থানীয় ইউপি চেয়ারম্যান নাজমুল হাছান ভূঁইয়া বাছিরকে দায়ী করেছেন।

ইউপি চেয়ারম্যান নাজমুল হাছান ভূঁইয়া বাছির অভিযোগ অস্বীকার করে বলেন, আমি উপজেলা সদরে ছিলাম। এ ঘটনার সঙ্গে আমার কোনো সংশ্লিষ্টতা নেই। একজন জনপ্রতিনিধির উপর হামলা দুঃখজনক।

নাঙ্গলকোট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম জানান, স্থানীয় ইউপি চেয়ারম্যানের সঙ্গে ভাইস চেয়াম্যানের দলীয় কোন্দল রয়েছে। ঢালুয়ায় সিএনজি চালকদের দুটি গ্রুপ রয়েছে। স্থানীয় ইউপি চেয়ারম্যানের গ্রুপ হামলার সঙ্গে জড়িত বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ ঘটনায় অহিদুর রহমান মেম্বার নামে একজনকে আটক করা হয়েছে। হামলার ঘটনায় এখনো কেউ লিখিত অভিযোগ দেয়নি।

কামাল উদ্দিন/এআরএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।