আমি কারো সঙ্গে কম্প্রোমাইজ করবো না : প্রধান বিচারপতি


প্রকাশিত: ০২:০৭ পিএম, ২৩ জুন ২০১৬

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বলেছেন, সময় মতো আদালতে সাক্ষী না আসার কারণে বিচারপ্রার্থীরা দুর্ভোগের শিকার হচ্ছেন, মামলার জট সৃষ্টি হচ্ছে। সাক্ষী হাজির করার বিষয়ে পাবলিক প্রসিকিউটর ও পুলিশকে ভূমিকা রাখতে হবে। পৃথিবীর প্রায় সব দেশেই প্রশাসন ও বিচার বিভাগের মধ্যে কিছু সমস্যা রয়েছে। আমাদের এখানেও কিছু সমস্যা রয়েছে।  

তিনি বলেন, শেষ রক্ত বিন্দু থাকতে বিচার বিভাগের স্বাধীনতা ও রুলস অব ল’র বিষয়ে আমি কারো সঙ্গে কম্প্রোমাইজ করবো না। অর্থ দিয়ে কোনো দেশকে বড় হিসেবে বিবেচনা করা যায় না, আইনের শাসন যেখানে বিদ্যমান সে দেশকে মর্যাদায় এগিয়ে রাখা হয়। দেশকে এগিয়ে নিতে আইনের শাসন সুপ্রতিষ্ঠিত করতে হবে। এজন্য বিচারক ও আইনজীবীদের একসঙ্গে কাজ করতে হবে।

বৃহস্পতিবার বিকেলে কুমিল্লা আদালতের আইনজীবী সমিতির মিলনায়তনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান বিচারপতি এসব কথা বলেন।
 
এর আগে সকালে প্রধান বিচারপতি জেলা ও দায়রা জজ আদালত এবং চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারকাজ ও আদালতের বিভিন্ন স্থান পরিদর্শন করেন। বিকেলে কুমিল্লা সার্কিট হাউজে কুমিল্লা আদালতের বিচারকদের নিয়ে আয়োজিত সম্মেলনে যোগদান শেষে কুমিল্লা জেলা প্রশাসকের ইফতার মাহফিল অনুষ্ঠানে যোগ দেন।

কুমিল্লা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সফিকুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত আইনজীবী সমিতির মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন কুমিল্লা জেলা ও দায়রা জজ মো. নুরুল ইসলাম, বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য অ্যাডভোকেট কাইমুল হক রিংকু, সাবেক সভাপতি অ্যাডভোকেট আবদুর রাজ্জাক, সৈয়দ আবদুল্লাহ পিন্টু, আ.হ.ম তাইফুর আলম, কাজী নাজমুস সাদত, অতিরিক্ত পিপি গোলাম ফারুক, কুমিল্লা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মো.মফিজুল ইসলাম ও সৈয়দ নুরুর রহমান।  

মো. কামাল উদ্দিন/এমএএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।