নিখোঁজের দুই দিন পর বাড়ির পাশের গুদাম থেকে শিশুর মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ০১:৪৮ এএম, ২৯ মার্চ ২০২৬

চট্টগ্রামের হাটহাজারীতে নিখোঁজের দুই দিন পর আরেফিন আকতার (১১) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৮ মার্চ) দুপুরে উপজেলার চিকনদণ্ডী ইউনিয়নের আমান বাজার এলাকার একটি তুলার গুদাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত আরেফিন ওই এলাকার ভাড়াটিয়া মোহাম্মদ রবিউল ইসলাম ও আমেনা বেগমের মেয়ে। পরিবারটি দীর্ঘদিন ধরে সেখানে বসবাস করছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত ২৬ মার্চ দুপুরে বাসা থেকে বের হয়ে নিখোঁজ হয় আরেফিন। পরে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পর তাকে না পেয়ে পরিবারের পক্ষ থেকে হাটহাজারী মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।

শনিবার দুপুরে আমান বাজার এলাকার একটি তুলার গুদামের আশপাশে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয়রা সেখানে গিয়ে শিশুটির মরদেহটি পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করে এবং ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া শুরু করে।

নিহতের পরিবারের অভিযোগ, একই কলোনির এক ভাড়াটিয়া শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে মরদেহ গোপন করে রেখেছিল। তারা এ ঘটনায় জড়িত ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম বলেন, ওই কিশোরীকে ধর্ষণের পর হত্যা করে ফ্যাক্টরিতে লুকিয়ে রাখা হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।

এমআরএএইচ/এনএইচআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।