‎বালু তোলার ড্রেজার জ্বালিয়ে দিলো বিক্ষুব্ধ এলাকাবাসী

উপজেলা প্রতিনিধি
উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি ‎মিরসরাই (চট্টগ্রাম)
প্রকাশিত: ০৯:০৬ এএম, ০৬ ডিসেম্বর ২০২৫

চট্টগ্রামের সীতাকুণ্ডে সন্দ্বীপ চ্যানেল থেকে বালু উত্তোলনকারীদের ড্রেজার ও বাল্কহেড জ্বালিয়ে দিয়েছেন বিক্ষুব্ধ এলাকাবাসী। এই যন্ত্রগুলো দিয়ে সাগর থেকে বালু উত্তোলন করে বিক্রি করছিল একটি চক্র।

শুক্রবার (৫ ডিসেম্বর) বিকেলে স্থানীয় এলাকাবাসী কুমিরা ফেরিঘাট সংলগ্ন এলাকায় এই যন্ত্রগুলো জ্বালিয়ে দেয়। তবে কে বা কারা সাগর থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছে তা জানাতে পারেননি স্থানীয় এলাকাবাসী ও নৌ-পুলিশ কর্মকর্তারা। এছাড়া গত বুধবার উপজেলার ভাটিয়ারী এলাকায় একটি শিপইয়ার্ডে অবৈধভাবে সাগর থেকে বালু উত্তোলনকারীদের ধাওয়া দেয় এলাকাবাসী।

‎স্থানীয় এলাকাবাসী মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, সাগর থেকে একটি চক্র অবৈধভাবে ড্রেজার ও বাল্কহেড দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে বাইরে বিক্রি করছে। অপরিকল্পিতভাবে বালু উত্তোলনের ফলে ভাঙছে উপকূলীয় বেড়িবাঁধ। ধ্বংস হচ্ছে পরিবেশ।

জেলে সন্তোষ কুমার বলেন, সাগর থেকে অবৈধ বালু উত্তোলনের ফলে সাগরের গতিপথ হারাচ্ছে। ফলে মাছ ধরার নৌকা রাখার জায়গাগুলো বিলীন হচ্ছে।

‎ব্যবসায়ী হাজী কামাল উদ্দিন ও ফরিদুল আলম বলেন, সাগর থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছে শিপইয়ার্ড মালিক। অথচ ইয়ার্ডটি সরকার থেকে লিজ নেওয়া হয়েছে স্ক্র্যাপ জাহাজ কাটিংয়ের জন্য। অপরিকল্পিতভাবে বালু উত্তোলনের ফলে দেখা দিবে ভাঙন, ব্যবহারে অনুপযোগী হবে কৃষি জমি। এলাকাবাসী চরম ক্ষতির সম্মুখীন হবে বলে জানান তিনি।

‎কুমিরা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর ওয়ালি উদ্দিন আকবর বলেন, ড্রেজার ও বাল্কহেড জ্বালিয়ে দেওয়ার খবর জানার পর ঘটনাস্থলে পুলিশ টিম পাঠানো হয়।


এম মাঈন উদ্দিন/এফএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।