কুমিল্লায় গ্যাস পাইপ ফেটে আগুন : দগ্ধ ৫


প্রকাশিত: ০৯:২৮ পিএম, ২৬ জুন ২০১৬

কুমিল্লা মহানগরীর চর্থা মুন্সিবাড়ি এলাকায় গাড়ির ধাক্কায় গ্যাস লাইনের পাইপ ফেটে অগ্নিকাণ্ডে কমপক্ষে ৫ জন দগ্ধ হয়েছে। এর মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। রোববার সকালে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, নগরীর চর্থা মুন্সিবাড়ি এলাকায় সাবেক ব্যাংক কর্মকর্তা রফিকুল ইসলামের তিনতলা বাড়ির নিচতলায় একটি গ্যারেজ ভাড়া নিয়ে একটি এনজিও এর মাইক্রোবাস (ঢাকা মেট্রো-চ-৫৩-২১৪৩) রাখা হয়। সকালে ওই মাইক্রোবাসটি রাখার সময় বাড়ির দেয়ালসংলগ্ন গ্যাসের রাইজারে ধাক্কা লেগে গ্যাস লাইন ফেটে গিয়ে গ্যাস বের হতে থাকে। এতে গাড়ির স্টার্ট বন্ধ হয়ে যায়।

চালক মাইক্রোবাসটি পুনরায় স্টার্ট দিলে গ্যাসে আগুন ধরে যায়। এতে সাবেক ব্যাংক কর্মকর্তা রফিকুল ইসলাম, নির্মাণ শ্রমিক জেলার চৌদ্দগ্রামের প্রতাপপুরের ফরিদ মিয়ার ছেলে মনির হোসেন, নগরীর দক্ষিণ চর্থা থিরাপুকুর পাড়ের শুভা মিয়ার ছেলে রাসেল, ফারুক ও নির্মাণ কাজের ঠিকাদার সাইফুলসহ ৫ জন দগ্ধ হন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। দগ্ধদের মধ্যে রফিকুল ইসলাম, মনির হোসেন, রাসেল ও ফারুককে প্রথমে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে এবং অবস্থার অবনতি ঘটলে বিকেলে ঢাকা মেডিকেল কলেজের বার্ণ ইউনিটে নিয়ে ভর্তি করা হয়।

কুমিল্লা বার্ন ইউনিটের চিকিৎসকরা জানান, ফারুকের শরীরের ৩০ শতাংশ, মনিরের ৪৫ শতাংশ, রফিকুল ইসলামের ২৫ শতাংশ, রাসেলের ১৬ শতাংশ পুড়ে গেছে।

মো. কামাল উদ্দিন/এসকেডি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।