কুমিল্লায় অস্ত্রসহ সন্ত্রাসী কানা টিপু গ্রেফতার


প্রকাশিত: ১০:২৪ এএম, ২৮ জুন ২০১৬

কুমিল্লার বিভিন্ন ব্যাংকের টাকা ছিনতাইকারী ও পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী টিপু ওরফে কানা টিপুকে অস্ত্র ও গুলিসহ গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

মঙ্গলবার ভোরে আদর্শ সদর উপজেলার আড়াইওরা থেকে গুলিভর্তি একটি রিভলভারসহ তাকে গ্রেফতার করা হয়।  

ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গোপন সূত্রে খবর পেয়ে ভোরে ডিবির এসআই সহিদুল ইসলামের নেতৃত্বে ডিবির একটি দল ভোর সাড়ে ৪টার দিকে সদর উপজেলার আড়াইওরা থেকে অস্ত্রসহ সন্ত্রাসী টিপুকে গ্রেফতার করে। তিনি নগরীর শাসনগাছা (বড়বাড়ি) এলাকার মৃত আবদুল করিম ভূইয়ার ছেলে।

ডিবির উপ-পরিদর্শক (এসআই) সহিদুল ইসলাম জানান, সন্ত্রাসী কানা টিপু দীর্ঘদিন যাবৎ তার সহযোগীদের নিয়ে নগরীর বিভিন্ন ব্যাংকের টাকা ছিনতাইসহ নানা সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত ছিল। তার বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানাসহ বিভিন্ন থানায় ছিনতাই, ডাকাতিসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে। অস্ত্র উদ্ধারের ঘটনায় তার বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।

বিকেল সাড়ে ৩টার দিকে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

কামাল উদ্দিন/এআরএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।