চৌদ্দগ্রামে গৃহবধূ খুন : স্বামী আটক


প্রকাশিত: ০৩:৩২ পিএম, ২৯ জুন ২০১৬

কুমিল্লার চৌদ্দগ্রামে পারিবারিক কলহের জের ধরে সালমা আক্তার নামে এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ পাওয়া গেছে। বুধবার বিকেলে চৌদ্দগ্রাম উপজেলার গুনবতী ইউপির আকদিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত সালমা আক্তার (২৮) আকদিয়া গ্রামের হাছান মিয়ার স্ত্রী। স্থানীয়রা ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে স্বামী হাছান মিয়াকে (৩৫) আটক করে পুলিশে সোপর্দ করেছে।

পুলিশ জানায়, পারিবারিক কলহের জের ধরে আকদিয়া গ্রামের হাছান মিয়া ও তার স্ত্রী সালমা আক্তারের মাঝে প্রায়ই ঝগড়া হতো। বিকেলে স্বামী হাছান মিয়া সালমা আক্তারকে গলায় বিদ্যুতের তার পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যার পর আত্মহত্যা করেছে বলে প্রচার করতে থাকে। পরে স্থানীয়রা তাকে আটক করে পুলিশে সোপর্দ করে।

চৌদ্দগ্রাম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরহাদ রাতে জানান, স্ত্রী হত্যার সঙ্গে জড়িত সন্দেহে নিহতের স্বামীকে আটক করে পুলিশে সোপর্দ করে স্থানীয়রা। মরদেহ উদ্ধার করে সন্ধ্যায় কুমেকের মর্গে প্রেরণ করা হয়েছে।

কামাল উদ্দিন/এআরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।