কুমিল্লায় অপহৃত স্কুলছাত্রী চট্টগ্রামে উদ্ধার
কুমিল্লায় অপহৃত স্কুলছাত্রী তাহমিনা আক্তারকে আড়াই মাস পর চট্টগ্রাম থেকে উদ্ধার করা হয়েছে। রোববার ভোরে নাঙ্গলকোট থানা পুলিশ নগরীর হালিশহর এলাকা থেকে তাকে উদ্ধার করে। গত ১৪ এপ্রিল জেলার নাঙ্গলকোট উপজেলা সদর থেকে ওই ছাত্রীকে অপহরণ করা হয়েছিল।
জানা যায়, সংঘবদ্ধ একটি অপহরণকারী চক্র গত ১৪ এপ্রিল নাঙ্গলকোটের ৪নং মোকরা ইউনিয়নের কেশতলা গ্রামের তোফায়েল আহাম্মদের মেয়ে ও স্থানীয় বেগম জামিলা মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের ছাত্রী তাহমিনা আক্তারকে (১৮) উপজেলা সদরের বটতলা সিএনজি স্ট্যান্ড থেকে অপহরণ করে চট্টগ্রামে নিয়ে যায়। এ ঘটনার পর তার বাবা নাঙ্গলকোট থানায় অপহরণ মামলা দায়ের করলে তাকে উদ্ধারে পুলিশ অভিযান শুরু করে। জড়িত সন্দেহে নাঙ্গলকোটের হরিপুর গ্রামের আবদুল কাদেরের ছেলে মিল্লাতকে (২৬) আটক করে জেলহাজতে পাঠানো হয়।
নাঙ্গলকোট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, মোবাইল ট্রেকিংয়ের মাধ্যমে অপহৃতের অবস্থান নিশ্চিত হয়ে এসআই আশরাফুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল ভোরে চট্টগ্রামের হালিশহরের ছোটপুল এলাকায় অভিযান চালিয়ে ওই স্কুলছাত্রীকে উদ্ধার করে। এসময় পুলিশ অপহরণকারী চক্রের সদস্য মিল্লাতের বোন সুরমা আক্তার শিল্পীকে গ্রেফতার করে।
দুপুরে শিল্পীকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণসহ ভিকটিমকে ডাক্তারি পরীক্ষার জন্য কুমেক হাসপাতালে পাঠানো হয়েছে।
কামাল উদ্দিন/এআরএ/পিআর