যাকাতের কাপড় বিতরণকালে শিল্পপতির গাড়িতে হামলা


প্রকাশিত: ০৩:৫৬ পিএম, ০৩ জুলাই ২০১৬

যাকাতের কাপড় বিতরণকালে কুমিল্লারর সেরা করদাতা ও ঢাকা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শিল্পপতি আবুল কালাম আজাদের গাড়িতে হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। এসময় বেশ কয়েকজন আহত হয়েছেন।

রোববার সন্ধ্যায় চান্দিনা উপজেলা সদরের মহারং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এলাকার দুস্থদের মাঝে যাকাতের কাপড় বিতরণকালে এ ঘটনা ঘটে। এসময় হামলাকারীরা যাকাতের কাপড়ও লুটে নিয়েছে বলে অভিযোগ করা হয়েছে।

শিল্পপতি আবুল কালাম আজাদ সাংবাদিকদের জানান, চান্দিনা পৌরসভার মেয়র মফিজুল ইসলামের সঙ্গে বেশ কিছুদিন যাবত তার বিরোধ চলে আসছিল। এরই মধ্যে রোববার বিকেলে পৌর এলাকার ওয়ার্ড কাউন্সিলর আক্তার হোসেন নাদিমকে সঙ্গে নিয়ে এলাকার দুস্থদের মাঝে কাপড় বিতরণ শুরু করেন। হঠাৎ মেয়র মফিজুল ইসলামের ভাগিনা একই এলাকার আব্দুর রশিদের ছেলে ফারুক হোসেন (৩৫) একদল সন্ত্রাসী নিয়ে অতর্কিতভাবে তার উপর হামলা চালায়।

এক পর্যায়ে হামলাকারীরা তাদের ব্যবহৃত বিলাস বহুল লেন্ড ক্লোজার প্রাডো (ঢাকা মেট্রো-ঘ ১৫-১৫২৪) গাড়িটি ভাঙচুর করে। এতে ওই শিল্পপতিসহ বেশ কয়েকজন আহত হয়।

comilla

ঘটনার পর চান্দিনা উপজেলা চেয়ারম্যান তপন বক্সী, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রসুল আহমেদ নিজামীসহ চান্দিনা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।

এদিকে, এ ঘটনায় মেয়র মফিজুল ইসলাম ও তার ভাগিনার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে চান্দিনা বাজারসহ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা বাস স্টেশন এলাকায় বিক্ষোভ মিছিল বের করা হয়।

এ ব্যাপারে চান্দিনা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রসুল আহমেদ নিজামী জানান, বাদীপক্ষের লিখিত অভিযোগের প্রেক্ষিতে ও তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

অন্যদিকে, পৌর মেয়র মফিজুল ইসলাম জানান, বিষয়টি শুনেছি, এ ঘটনায় যারা জড়িত রয়েছে তাদের আইনের আওতায় আনা উচিত।

কামাল উদ্দিন/এআরএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।