গাজীপুর ছাড়ছেন লাখো মানুষ : ফাঁকা হচ্ছে নগরী
পবিত্র ঈদ-উল-ফিতর উদযাপনের লক্ষে লাখো মানুষ গাজীপুর ছেড়ে যাচ্ছেন। নাড়ির টানে নিজ কর্মস্থলে ছুটির পর পরিবারের সদস্যদের নিয়ে ছুটছেন বাস কিংবা রেল স্টেশনের দিকে।
যারা পূর্ব থেকে ট্রেন বা বাসের টিকেট কেটে রেখেছেন তারা একটিু নিশ্চিন্ত হলেও যারা অগ্রিম টিকেট কাটতে পারেননি তারা অতিরিক্ত ভাড়া দিয়ে কেউবা বাস ও ট্রেনের অতিরিক্ত যাত্রী হয়ে পরিববার পরিজনদের সঙ্গে ঈদ উদযাপন করতে ছুটে চলছেন গন্তব্যে।
গাজীপুর মহানগরীর শিল্পনগরী টঙ্গী, কোনাবাড়ি, ভোগড়া, চান্দনা চৌরাস্তা, বোর্ড বাজার, রাজেন্দ্রপুর, মাওনা, শ্রীপুরসহ শিল্প সমৃদ্ধ এলাকাগুলো ক্রমশ ফাঁকা হয়ে যাচ্ছে। বিশেষ করে দুপুরের পর থেকে দলে দলে লোকজন ছুটে যান বাস ও ট্রেন স্টেশনের দিকে। যাত্রাপথে রিকশা, টেম্পো, বাসগুলো অতিরিক্ত ভাড়া নেয়ার অভিযোগ রয়েছে। গাজীপুর ক্রমশ খালি হয়ে যাওয়ায় মার্কেট ও বিপনী কেন্দ্রগুলোতে বিক্রি কিছুটা কমে গেছে।
গাজীপুর এলাকায় পুলিশের বিশেষ ব্যবস্থার কারণে অন্যবারের তুলনায় যানজট নেই বললেই চলে। জেলায় প্রায় দেড় হাজার পুলিশ, আনসার, কমিউনিটি পুলিশ, রোভার স্কাউট যানজট নিরসনে তাদের দায়িত্ব পালন করছেন।
শেরপুরগামী গার্মেন্ট কর্মী সুজন মিয়া জানান, তার স্ত্রী ও দুই সন্তান নিয়ে গ্রামের বাড়িতে ঈদ করতে যাচ্ছেন। গার্মেন্ট কর্তৃপক্ষ রোববার দুপুরে বেতন দিয়ে কারখানা ছুটি ঘোষণা করায় তিনি পরিবারের সঙ্গে ঈদ করতে বাসের অপেক্ষা করছেন।
তিনি জানান, ভাড়া বেশি নেয়া হচ্ছে না। তাবে বাসে সিট না পেয়ে বাধ্য হয়ে দাঁড়িয়েই যাবেন বলে স্থির করেছেন।
ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ফোরলেন হওয়ায় এ সড়কে কোনো যানজট নেই। গাজীপুর থেকে চন্দ্রা হয়ে টাঙ্গাইল মহানড়কে গাড়ির চাপ বেশি থাকায় উত্তরবঙ্গগামী বাস ধীর গতিতে চলছে। সোমবার দুপুর পর্যন্ত তেমন যানজট নেই গাজীপুরের মহাসড়কে।
আমিনুল ইসলাম/এমএএস/এমএস