শেরপুরে সড়ক দুর্ঘটনায় সহকারী প্রিসাইডিং কর্মকর্তাসহ নিহত ২
শেরপুর সদরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দায়িত্ব পালন করতে আসার পথে ট্রাক-সিএনজি সংঘর্ষে এক সহকারী প্রিসাইডিং অফিসারসহ দুই জন মারা গেছেন। এ ঘটনায় শিশুসহ আরও ছয়জন আহত হয়েছেন।
বুধবার (১১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে শেরপুর-জামালপুর আঞ্চলিক সড়কের চরপক্ষীমারী ইউনিয়নের শিমুলতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
শেরপুর জেলা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক অনণ্যা দত্ত দুইজনের মৃত্যুর তথ্যটি নিশ্চিত করেছেন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (সোহেল রানা) বলেন, ট্রাক-সিএনজি সংঘর্ষে সিএনজির যাত্রী শিক্ষক রোকনুজ্জান রুকন (৩১) ও জামালপুরের মাদারগঞ্জের বাসিন্দা মাহফুজা বেগম (২০) মারা গেছেন। শিশুসহ আহত ছয়জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আর এ ব্যপারে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
জানা গেছে, রোকনুজ্জান রুকন শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটের এনভায়রনমেন্ট টেকনোলজি বিভাগের জুনিয়র ইন্সট্রাক্টর ছিলেন। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে সহকারী প্রিসাইডিং অফিসার হিসেবে দায়িত্বপ্রাপ্ত ছিলেন। তার বাড়ি জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলায়। আর দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে শেরপুর সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রোকনুজ্জান রুকনকে মৃত ঘোষণা করেন।
নিহত রুকনের ছোট ভাই রবিন জানান, গত সোমবার পারিবারিক একটি কাজে রুকন শেরপুর থেকে বাড়িতে যান। নির্বাচনি দায়িত্ব পালনের উদ্দেশ্যে বুধবার সকাল সাড়ে ৯টা থেকে ১০টার মধ্যে তিনি বাড়ি থেকে বের হন । শেরপুরে আসার পথে সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়।
শেরপুর সদর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর-১ আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তা মাহবুবা হক বলেন, মৃত্যুর তথ্যটি জেনেছি।
মো. নাঈম ইসলাম/এনএইচআর/এমএন