স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রশাসনের একপাক্ষিক আচরণ নিয়ে প্রার্থীদের অভিযোগ রাজনৈতিক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বরিশাল
প্রকাশিত: ০৩:৪৪ পিএম, ০২ ফেব্রুয়ারি ২০২৬

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, প্রশাসনের একপাক্ষিক আচরণের যে অভিযোগ প্রার্থীরা করছেন, তা রাজনৈতিক। ভোটার টানতেই তারা এমন বক্তব্য দিচ্ছেন।

সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে বরিশাল শিল্পকলা অ্যাকাডেমি মিলনায়তনে এক মতবিনিময় সভা শেষে তিনি এ কথা বলেন। সভায় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে আইনশৃঙ্খলা বিষয় নিয়ে আলোচনা করা হয়।

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, নির্বাচন যাতে শান্তিপূর্ণ হয় সে লক্ষ্যে সব প্রস্তুতি নেওয়া হয়েছে। নির্বাচনে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। প্রত্যেককে নিজ নিজ দায়িত্ব পালন করলে নির্বাচন সুষ্ঠু হবে।

তিনি বলেন, নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সারাদেশে সেনাবাহিনীর ১ লাখ সদস্য, দেড় লাখ পুলিশ, ৫ হাজার নেভি, ৩৭ হাজার বিজিবি, ১০ হাজার র‍্যাব, প্রায় ৫ হাজার কোস্ট গার্ড ও সবচেয়ে বেশি ৬ লাখ আনসার মোতায়েন করা হচ্ছে।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, উপকূলীয় এলাকায় কোস্ট গার্ড এবং নেভির সংখ্যা আগের থেকে বাড়ানো হয়েছে। এবার নির্বাচনে বিএনসিসিও নিয়োগ করা হচ্ছে। পাশাপাশি এবার বডি অন ক্যামেরাও রাখা হয়েছে। এছাড়া সিসি ক্যামেরা এবং ড্রোন ব্যবহার করা যাবে।

মতবিনিময় সভায় স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনি, বরিশাল বিভাগের ছয় জেলার সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শাওন খান/এনএইচআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।