নাটোরে এনসিপির নির্বাচনি মঞ্চে হাতাহাতি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নাটোর
প্রকাশিত: ০৯:০৭ পিএম, ০৩ ফেব্রুয়ারি ২০২৬

নাটোর-৩ (সিংড়া) আসনে ১১ দলীয় জোটের এনসিপির প্রার্থী জার্জিস কাদিরের নির্বাচনি পদযাত্রা ও সমাবেশে মঞ্চে ওঠার ঘটনাকে কেন্দ্র করে জাতীয় ছাত্রশক্তির নেতাকর্মীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। এতে সমাবেশস্থলে সাময়িক উত্তেজনার সৃষ্টি হয়।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে সিংড়া বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার আগমনের আগে এই ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্রে জানা যায়, নির্বাচনি পদযাত্রার নির্ধারিত সময় ছিল সকাল ১০টা। তবে প্রধান অতিথি এনসিপি মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া নির্ধারিত সময়ে পৌঁছাতে না পারায় তপ্ত রোদের মধ্যে নেতাকর্মীদের দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয়। এ সময় স্থানীয় নেতাদের বক্তব্য চলাকালে এনসিপির সহযোগী সংগঠন ‌‘জাতীয় ছাত্রশক্তির’ কয়েকজন সদস্য মঞ্চে ওঠেন। এতে নিচে অবস্থানরত অন্য কয়েকজন সদস্য হট্টগোল শুরু করেন। একপর্যায়ে মঞ্চেই তাদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।

হঠাৎ হাতাহাতি শুরু হলে সাধারণ কর্মীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে মঞ্চে উপস্থিত সিনিয়র নেতারা ও আয়োজকরা মাইকে সকলকে শান্ত থাকার আহ্বান জানান। ছাত্রশক্তির নেতাকর্মীরা শান্ত হলে প্রায় এক ঘণ্টা পর পরিস্থিতি স্বাভাবিক হয়। এরপর দুপুর সাড়ে ১২টার দিকে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া মঞ্চে উপস্থিত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন।

এ বিষয়ে জানতে চাইলে এনসিপির প্রার্থী জার্জিস কাদির বলেন, ছোটোখাটো ভুল বোঝাবুঝিতে এ ঘটনা ঘটেছে। তাৎক্ষণিকভাবে বিষয়টি সমাধান করা হয়েছে।

রেজাউল করিম রেজা/কেএইচকে/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।