ডা. তাহের
তারা যখন ক্ষমতায় ছিলেন দেশ দুর্নীতিতে তিনবার চ্যাম্পিয়ন হয়েছিল
কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনে জামায়াতের প্রার্থী ও দলের নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ তাহের বলেছেন, কোনো সরকারের সময়ে দুর্নীতি কমেনি। এখন আমরা যাদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছি, তারা যখন ক্ষমতায় ছিলেন বাংলাদেশ দুর্নীতিতে তিনবার চ্যাম্পিয়ন হয়েছিল।
তিনি বলেন, আমরা যদি আবার দুর্নীতি চাই, তাহলে সেখানে ভোট দিতে হবে। আমরা যদি আবার একটি নৈরাজ্য চাই, তাহলে সেখানে ভোট দিতে হবে, আর যদি একটি নিরাপদ-উন্নত বাংলাদেশ চাই, তাহলে যে ১১ দলীয় জোট তৈরি হয়েছে তাদেরকে ভোট দিতে হবে। এ ব্যাপারে জোটের কমিটমেন্ট আছে।
বুধবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কনকাপৈত ইউনিয়নের তারাশাইল উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ডা. তাহের।
জামায়াতের নায়েবে আমির বলেন, ‘আমরা নৈরাজ্য চাই না, হত্যা ও লুটের রাজনীতি চাই না। জনগণের হানাহানির রাজনীতি চাই না। অধিকারহীনতার রাজনীতি চাই না, ফ্যাসিবাদ এবং আধিপত্যের রাজনীতি—কোনোটাই চাই না। আমরা চাই দেশের শান্তি, শান্তির রাজনীতি।’
এসময় ডাকসু জিএস এস এম ফরহাদ, শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহসভাপতি মজিবুর রহমান ভূঁইয়া, চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের আমির মাহফুজুর রহমান, সেক্রেটারি বেলাল হোসাইন, সাবেক উপজেলা জামায়াতের আমির সাহাব উদ্দিন, খেলাফত মজলিসের চৌদ্দগ্রাম উপজেলা আমির মো. শাহজালাল, কনকাপৈত ইউনিয়ন জামায়াতের আমির হাসান মজুমদার, কনকাপৈত ইউনিয়নে সাবেক চেয়ারম্যান ইকবাল হোসেন মজুমদার প্রমুখ উপস্থিত ছিলেন।
জাহিদ পাটোয়ারী/এসআর/জেআইএম