বোয়ালখালীতে জানালার গ্রিল কেটে আওয়ামী লীগ নেতার ঘরে চুরি
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় জানালার গ্রিল কেটে এক আওয়ামী লীগ নেতার ঘরে চুরির ঘটনা ঘটেছে। সাম্প্রতিক সময়ে উপজেলায় ধারাবাহিক চুরির ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।
বুধবার (৪ ফেব্রুয়ারি) দিনগত রাতে পৌর সদরের পূর্ব গোমদণ্ডী বহদ্দারপাড়া এলাকায় আমিন মেম্বার বাড়ির শেখ শহীদুল আলমের ঘরে এ চুরির ঘটনা ঘটে। ঘটনার সময় পরিবারের সদস্যরা নগরীর অন্য একটি বাসায় ছিলেন।
পরিবারের সদস্যরা বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে বাড়িতে এসে জানালার কাচ ভাঙা, গ্রিল কাটা এবং ঘরের পেছনের দরজা খোলা দেখতে পান।
শহীদুল আলমের বোন শাহীন আক্তার বলেন, জানালার গ্রিল কেটে চোরেরা ঘরে প্রবেশ করে। ঘর থেকে মূল্যবান ইলেকট্রনিক সামগ্রী, বিভিন্ন ফিটিংস, আলমারিতে রাখা নগদ প্রায় দুই লাখ টাকা এবং তিন ভরি স্বর্ণালংকার নিয়ে যাওয়া হয়েছে।
নতুন ঘরে বাথরুমের ফিটিংস ও আধুনিক সরঞ্জাম স্থাপনের কাজ চলছিল উল্লেখ করে তিনি বলেন, সেখান থেকেও কমোডসহ বিভিন্ন সামগ্রী খুলে নেওয়া হয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, গত দুই মাসে বোয়ালখালীতে একাধিক মসজিদ, মন্দির, সরকারি-বেসরকারি দপ্তর, শিক্ষাপ্রতিষ্ঠান, সিএনজিচালিত অটোরিকশা, গাড়ির ব্যাটারি ও বসতঘরে চুরির ঘটনা ঘটেছে। এছাড়া তিনটি ডাকাতির ঘটনাও ঘটেছে বলে দাবি তাদের।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান বলেন, বিষয়টি তিনি শুনেছেন। পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে এবং তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয়দের অভিযোগ, একের পর এক চুরির ঘটনায় অভিযোগ দেওয়া হলেও চোর শনাক্ত ও চোরাই মালামাল উদ্ধারে অগ্রগতি নেই। এতে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আতঙ্ক তৈরি হয়েছে।
এমআরএএইচ/বিএ/এমএস