এবার মানুষের দুর্ভোগ কম হয়েছে : সেতুমন্ত্রী


প্রকাশিত: ০৮:৩১ এএম, ০৬ জুলাই ২০১৬

এবারের ঈদে গত কয়েক বছরের তুলনায় ঘরমুখো মানুষের দুর্ভোগ কম হয়েছে বলে দাবি করেছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।

বুধবার দুপুরে গাজীপুর মহানগরীর চন্দনা চৌরাস্তায় ঈদে যানজট পরিস্থিতি পরিদর্শনকালে এ দাবি করেন তিনি।

সেতুমন্ত্রী বলেন, যানজট, বৃষ্টি এবং রাস্তায় ট্রাক ও কাভার্ড ভ্যান চলাচলের করণে যাত্রীদের কিছুটা দুর্ভোগ হয়েছে। তবে ঈদে ঘরমুখো যাত্রী আর নেই। এখন চ্যালেঞ্জ কর্মস্থলে ফিরে আসা মানুষদের নিয়ে। তারা কিভাবে স্বাচ্ছন্দে কর্মস্থলে ফিরতে পারে সেই ব্যাপারে এখন থেকেই প্রস্তুতি নিতে হবে। এজন্য সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তা কর্মচারীদের শুধুমাত্র ঈদের দিন সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ছুটি প্রদান করা হয়েছে।

মন্ত্রী আরো বলেন, ঈদের আগে পোশাক কারখানাগুলো এক সঙ্গে ছুটি হয়। যার ফলে সব শ্রমিকরা এক সঙ্গে বাড়ি ফিরতে যাওয়ায় মঙ্গলবার চন্দ্রা, বাইপাইল ও মির্জাপুর পর্যস্ত রাস্তায় কয়েক ঘণ্টা জনজট সৃষ্টি হয়।

ঈদের তিন দিন আগে রাস্তায় কাভার্ডভ্যান চলাচলা করার নিষেধ থাকলেও তা অর্ধেক মানা হয়েছে। এছাড়া টানা বর্ষণের কারণে রাস্তায় যানবাহনের গতি কম থাকায় কিছুটা সমস্যা হয়েছে। এরপর পোশাক কারখানাগুলো পর পর তিন দিন ছুটি দেয়ার কথা বললেও তা মানা হয়নি।

তিনি বলেন, আগামী কোরবানি ঈদকে সামনে রেখে যানজট পরিস্থিতি আরো কিভাবে উন্নতি করা যায় সে ব্যাপারে পদক্ষেপ নেয়া হবে। ঈদের পর রাস্তার পাশ থেকে সব ধরনের বিলবোর্ড উচ্ছেদ করা হবে। বৃষ্টির কারণে যেসব রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে সেসব রাস্তা দ্রুতগতিতে মেরামত সম্পন্ন করাই এখন আমাদের কাজ।

এসময় মন্ত্রীর সঙ্গে ঢাকা বিভাগীয় তত্বাবধায়ক প্রকৌশলী সবুজ উদ্দিন খান, গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ, গাজীপুর সওজের নির্বাহী প্রকৌশলী ডি এ কে এম নাহীন রেজাসহ সড়ক ও জনপথের ঊর্ধ্বতন কর্মকর্তরা উপস্থিত ছিলেন।

আমিনুল ইসলাম/এআরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।