চাঁদা না দেওয়ায় সাবেক মেম্বারকে কোপালো শ্রমিকদল নেতা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বাগেরহাট
প্রকাশিত: ০৭:৪৯ পিএম, ০৬ ফেব্রুয়ারি ২০২৬

বাগেরহাটের কচুয়া উপজেলায় চাঁদা না দেওয়ায় মো. আলম হোসেন (৬২) নামের এক সাবেক ইউপি সদস্যকে (মেম্বার) কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে সাবেক শ্রমিকদল নেতার বিরুদ্ধে।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে কচুয়া উপজেলার ফুলতলা গ্রামে এ ঘটনা ঘটে। পরে তাকে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত আলম হোসেন কচুয়া উপজেলার গোপালপুর ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য ছিলেন।

আহত আলম হোসেন বলেন, শ্রমিকদলের সাবেক নেতা জামাল শেখ দীর্ঘদিন ধরে আমার কাছে চাঁদা দাবি করে। টাকা দিতে অস্বীকৃতি জানালে বিভিন্ন সময় ভয়ভীতি দেখায়। সকালে বাড়ির সামনে দাঁড়িয়ে ছিলাম। হঠাৎ করে জামাল শেখ তার লোকজন নিয়ে আমার উপর হামলা করে। শুধু আমার কাছেই নয়, আমার মতো আরও অনেকের কাছেই চাঁদা দাবি করেছে।

মারধরের বিষয়ে গোপালপুর ইউনিয়নের সাবেক শ্রমিকদল নেতা জামাল শেখ বলেন, আলম আওয়ামী লীগের লোক ছিল। সকালে ধানের শীষের মিছিল নিয়ে আসছিলাম। অনেক লোক দেখে ভয়ে দৌড় দিতে গিয়ে পড়ে আহত হয়। তার কাছে কোন চাঁদা চাইনি।

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, আলমের পরিবারের লোকজন থানায় বিষয়টি জানিয়েছেন। এজাহার দিলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

নাহিদ ফরাজী/এএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।