ঠাকুরগাঁওয়ে জনসভায় তারেক রহমান

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ১২:৫৩ পিএম, ০৭ ফেব্রুয়ারি ২০২৬

উত্তরাঞ্চলে দ্বিতীয় দফার নির্বাচনি প্রচারণার অংশ হিসেবে ঠাকুরগাঁও সফর করছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (৭ ফেব্রুয়ারি) বেলা পৌনে ১২টায় তিনি ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠের জনসভা মঞ্চে আরোহণ করেন।

দলীয় সূত্রে জানা যায়, ২৩ বছর পর ঠাকুরগাঁও গেছেন তিনি। নেতাকে একনজর দেখতে সকাল থেকেই জেলা স্কুল মাঠে নামে মানুষের ঢল। তারেক রহমান মঞ্চে আসার সঙ্গে সঙ্গেই কয়েক হাজার নেতাকর্মী করতালির মাধ্যমে তাকে উষ্ণ অভ্যর্থনা জানান। নেতাকর্মীদের অনেকেরই হাতে রয়েছে ঠাকুরগাঁওয়ের সন্তান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ঠাকুরগাঁও এবং পঞ্চগড়ের প্রার্থীদের ছবি সম্বলিত প্ল্যাকার্ড।

এ সমাবেশে ঠাকুরগাঁও-১ আসনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ঠাকুরগাঁও-২ আসনে আব্দুস সালাম, ঠাকুরগাঁও -৩ আসনে জাহিদুর রহমান জাহিদ, পঞ্চগড়-১ আসনে নওশাদ জমির, পঞ্চগড়-২ আসনে ফরহাদ হোসেন আজাদ, পঞ্চগড়-৩ আসনে মনজুরুল ইসলাম উপস্থিত রয়েছেন।

এর আগে ঢাকা থেকে বিমান বাংলাদেশের একটি ফ্লাইটে সৈয়দপুরে পোঁছার পর বিএনপি চেয়ারম্যান হেলিকপ্টারে চেপে ঠাকুরগাঁওয়ে পৌঁছান। এদিনই দুপুর দেড়টায় নীলফামারীর বড় মাঠে এবং আড়াইটায় দিনাজপুরের বিরামপুর সরকারি কলেজ মাঠে জনসভায় অংশ নেবেন তিনি।

এর আগে প্রথম দফায় ২৯ থেকে ৩১ জানুয়ারি উত্তরাঞ্চলে নির্বাচনি সফর করেন তারেক রহমান। ওই সফরে রাজশাহী, নওগাঁ, বগুড়া, রংপুর, সিরাজগঞ্জ ও টাঙ্গাইলে জনসভায় অংশ নেন তিনি।

বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, এই ঠাকুরগাঁও থেকেই তৃণমূল পর্যায়ের ইউনিয়ন প্রতিনিধি সম্মেলন শুরু করেছিলেন তারেক রহমান, ২০০৩ সালের ৪ জানুয়ারি। ওই সম্মেলনটি উদ্বোধন করেছিলেন তৎকালীন স্বাস্থ্যমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন। সেজন্য ঠাকুরগাঁওয়ে জনাব তারেক রহমানের আগমন বিএনপির নেতা-কর্মীদের কাছে অন্য রকম একটা আবেগ রয়েছে, যার বহিঃপ্রকাশ নির্বাচনি সমাবেশ জনসমুদ্রে পরিণত হয়েছে।

তিনি বলেন, এই জেলাতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যারের জন্ম। তিনি দলের শুধু মহাসচিবই নয়, সারাদেশের মানুষের কাছে সজ্জন ব্যক্তি হিসেবে পরিচিত। সেজন্য ঠাকুরগাঁওবাসীর কাছে মির্জা ফখরুল ইসলাম স্যার অন্যরকম গর্ব, তারা নিজেদের পরিচয় দেন।

কেএইচকে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।