মাসুমা হাদি

শহীদ ওসমান হাদির হত্যার নিরপেক্ষ তদন্ত জাতিসংঘের অধীনেই হতে হবে

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঝালকাঠি
প্রকাশিত: ০১:৩১ পিএম, ০৭ ফেব্রুয়ারি ২০২৬

শহীদ ওসমান হাদির হত্যাকাণ্ডের নিরপেক্ষ তদন্ত জাতিসংঘের অধীনেই হতে হবে বলে দাবি জানিয়েছেন তার বোন মাসুমা হাদি। তিনি বলেন, এই হত্যার বিচার এই দেশের মাটিতেই নিশ্চিত করতে হবে। বিচার না পাওয়া পর্যন্ত আমাদের আন্দোলন থামবে না।

শনিবার (৭ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে ঝালকাঠির নলছিটিতে আয়োজিত এক বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন।

মাসুমা হাদি বলেন, এই রাষ্ট্রে কোনো ধরনের ভিনদেশি দাসত্ব আমরা মানবো না। যারা বিদেশি শক্তিকে পুঁজি করে ক্ষমতায় যেতে চায়, তাদের জনগণ ভোটের মাধ্যমেই প্রত্যাখ্যান করবে।

তিনি আরও বলেন, ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে অন্তর্বর্তী সরকারের সঙ্গে সাক্ষাতের জন্য একাধিকবার চেষ্টা করা হলেও ব্যর্থ হয়েছি। দেয়ালে পিঠ ঠেকে গেলে শান্তিপূর্ণভাবে যমুনার সামনে অবস্থান কর্মসূচি পালন করা হয়। সেখানে পুলিশের ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা জানাই।

নির্বাচন প্রসঙ্গে তিনি প্রশ্ন তুলে বলেন, নির্বাচনের আগেই যদি প্রশাসনের এই অবস্থা হয়, তাহলে সেই প্রশাসন দিয়ে কীভাবে একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব? যমুনার সামনে ১৪৪ ধারা জারির কথা বলা হচ্ছে, কিন্তু শাহবাগে তখন কী ধারা জারি ছিল—সেখানে কেন ছাত্র-জনতার ওপর নির্মম হামলা চালানো হলো?

তিনি বলেন, আমরা ওসমান হাদির বাংলাদেশ চাই, ওসমান হাদির রাষ্ট্র গড়তে চাই।

প্রসঙ্গত, শুক্রবার বিকেলে শরিফ ওসমান হাদির হত্যার আন্তর্জাতিক তদন্ত এবং হত্যাকাণ্ডে জড়িতদের বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে পদযাত্রা শুরু করেন। রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে পুলিশ আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে জলকামান ও টিয়ারশেল নিক্ষেপ করলে বেশ কয়েকজন আহত হন।

মো. আমিন হোসেন/কেএইচকে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।