ভোটারদের টাকা দেওয়ার অভিযোগে জামায়াত নেতাকে মারধর, পুলিশে সোপর্দ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পটুয়াখালী
প্রকাশিত: ০৮:৩৭ পিএম, ১১ ফেব্রুয়ারি ২০২৬

পটুয়াখালীর মির্জাগঞ্জে ভোটারদের টাকা দেওয়ার অভিযোগে জামায়াতের এক নেতাকে মারধর করে পুলিশে দিয়েছে স্থানীয়রা।

বুধবার (১১ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে উপজেলার মাধবখালী ইউনিয়নে এ ঘটনা ঘটে। আটকের নাম কামাল হোসেন। তিনি ওই ইউনিয়ন জামায়াতের আমির বলে জানা গেছে।

পটুয়াখালী-১ আসনের ১১ দলীয় জোট প্রার্থীর মিডিয়া সেলের প্রধান মো. কামাল হোসেন বলেন, ‘পূর্ব শত্রুতার জেরে নাটক সাজিয়ে জামায়াত নেতা কামাল উদ্দিনকে মারধর করে পুলিশে দেওয়া হয়েছে।’

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মোসা. মলিহা খানম জানান, ‘খবর পেয়ে ঘটনাস্থলে একটি মোবাইল টিম পাঠানো হয়েছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।’

মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আ. সালাম বলেন, ‘স্থানীয়রা একজনকে আটক করে পুলিশে হস্তান্তর করেছে।’

এদিকে ১১ দলীয় জোটের মনোনীত প্রার্থী ডা. ওহাব মিনার অভিযোগ করে বলেন, মাধবখালী ইউনিয়নের প্রধান নির্বাচন পরিচালনাকারী আমির হোসেন, তার ছেলে এবং সহকারী সৈয়দ কামাল হোসেনকে আলতাফ হোসেন চৌধুরীর লোকজন মারধর করে আহত করেছে। বর্তমানে ওই ইউনিয়নে তাদের এজেন্ট নিয়োগ কার্যক্রম বন্ধ রয়েছে।

মাহমুদ হাসান রায়হান/আরএইচ/এমএন

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।