সিলেটে কোথাও ফাঁকা, কোথাও ভোটারের দীর্ঘ সারি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় সিলেটের সবকটি ভোটকেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয়েছে। এতে অনেক স্থানে ভোট শুরুর আগেই কেন্দ্রে ভোটারদের দীর্ঘ সারি দেখা গেলেও কিছু কিছু কেন্দ্র ছিল প্রায় ফাঁকা। কোথাও আবার বেলা বাড়ার সঙ্গে সঙ্গে উপস্থিতি বেড়েছে। তবে এখন পর্যন্ত কোথাও বড় ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তারা।
নগরীর এইডেড হাইস্কুল কেন্দ্র ও আম্বরখানা বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্র, আনন্দ নিকেতন, আম্বরখানা সরকারি প্রাথমিক বিদ্যালয়, আলিয়া মাদ্রাসা কেন্দ্র-২ কেন্দ্র, শাহজালাল জামেয়া ইসলামিয়াসহ বেশ কয়েকটি কেন্দ্রে ভোটার উপস্থিতি কম লক্ষ্য করা গেছে। প্রায় সাড়ে তিনঘণ্টা পার হলেও এসব কেন্দ্রে ভোটারের তেমন উপস্থিতি লক্ষ্য করা যায়নি। তবে বেশ কিছু কেন্দ্রে ভোটারের সরব উপস্থিতি লক্ষ্য করা গেছে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারের উপস্থিতি বাড়তে পারে বলেও জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তা ও প্রার্থীরা।
অন্যদিকে, সকালে ভোট শুরুর পর থেকে সকাল ৯টা পর্যন্ত নগরের সারদা হল কেন্দ্রে গিয়ে দেখা যায় ভোটারের দীর্ঘ লাইন। পুরুষের চেয়ে নারী ভোটারের উপস্থিতিই বেশি দেখা গেছে।
নগরীর আম্বরখানা বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, এ কেন্দ্রে মোট ভোটার ২ হাজার ৮৬৭ জন। সকাল ১১টা পর্যন্ত কাস্ট হয়েছে মাত্র ৪১০টি।
আনন্দ নিকেতন ভোট কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা গোলাম কিবরিয়া জানান, ৩ হাজার ৭৩৬ জন ভোটারের এ কেন্দ্রে দুই ঘণ্টায় ভোট দিয়েছেন ৩৫০ জন।
আলিয়া মাদ্রাসা কেন্দ্র- প্রিজাইডিং কর্মকর্তা অবনিষ দাস জানান, এ কেন্দ্রে মোট ভোটার ২ হাজার ২২ জন। এর মধ্যে সকাল সাড়ে ১০টা পর্যন্ত ভোট দিয়েছেন ১০৮ জন।
সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা কেন্দ্র-৩ (মহিলা) মোট ভোটার সংখ্যা ৩ হাজার ৬ শত ৭০ জন। এ কেন্দ্রে সকাল সাড়ে ১১ টা পর্যন্ত ভোট জমা পড়েছে ৬১০টি।
শাহজালাল জামেয়া ইসলামিয়ার প্রিজাইডিং কর্মকর্তা জানান, কেন্দ্রটির ১০ হাজার ৮৩৫ জন ভোটারের মধ্যে এক হাজার ৩০ জন তাদের ভোট প্রদান করেছেন।
সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা কেন্দ্র-১ এর প্রিসাইডিং অফিসার পঙ্কজ মল্লিক বলেন, ‘২ হাজার ৯২ জন ভোটারের এ কেন্দ্রে সকাল সাড়ে ৯ টা পর্যন্ত কাস্ট হয়েছে ১৯৮টি ভোট।’
আম্বরখানা প্রাথমিক বিদ্যালয় পুরুষ কেন্দ্রে, ২ হাজার ৫০৬ জন ভোটারদের মধ্যে এখন পর্যন্ত ভোট দিয়েছেন ৪৮৫ জন। কেন্দ্রটিতে প্রথম ১ ঘণ্টা প্রায় ৩০০ ভোট কাস্ট হয়েছে।
কেন্দ্রটির প্রিজাইডিং অফিসার মো. মোস্তাফিজুর রহমান খান সিলেট ভয়েসকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘ভোটাররা বিভ্রান্ত। কারণ গণভোট হওয়ায় কিছুটা ধীরগতিতে চলছে ভোটদান।’
ভোটাধিকার প্রয়োগ শেষে খন্দকার মুক্তাদির বলেন, ‘এখনো অনেকে বাসা-বাড়ি থেকে বের হননি। তবে নারী ভোটারের উপস্থিতি ভালো রয়েছে। কিন্তু ধীর গতিতে নারীরা ভোট দিচ্ছেন। এছাড়া নারীদের ভোট দ্রুত গ্রহণের জন্য সংশ্লিষ্টদের জানানো হয়েছে। কারণ নারীদের বাসা-বাড়িতে অনেক কাজ আছে।’
সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, ‘সিলেটের মানুষজন একটু দেরিতে ঘুম থেকে ওঠেন, তাই সকালে ভোটার কম। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার বাড়বে।’
সকাল ৮টায় শিবগঞ্জ স্কলার্সহোম কেন্দ্রে ভোট দেন সিলেট-১ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা হাবিবুর রহমান। অন্যদিকে, সকাল ১০টার কিছু আগে সারদা হল কেন্দ্রে ভোট দেন এই আসনের বিএনপির প্রার্থী খন্দকার আবদুল মুক্তাদির। ভোট দেওয়ার পর তারা দুজনই এখন পর্যন্ত নির্বাচনের পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন।
আরও পড়ুন
ভোট দিলেন মির্জা ফখরুলের প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থী দেলাওয়ার
যশোরে নির্বাচনি সহিংসতায় দু’জন আহত
আহমেদ জামিল/কেএসকে