মাকে নিয়ে ভোটকেন্দ্রে আখতার হোসেন
পায়ে হেঁটে মাকে নিয়ে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিয়েছেন ১১ দলীয় জোটের এনসিপি প্রার্থী আখতার হোসেন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টায় রংপুরের কাউনিয়া উপজেলার ভায়ারহাট বালিকা উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে মা ও পরিবারের সদস্যদের নিয়ে যান তিনি। কেন্দ্রটিতে নিজের ভোট না থাকলেও মাকে নিয়ে যান তিনি।
এসময় ছেলের প্রতীক শাপলা কলিতে ভোট দিয়ে খুশি হন মা রোকেয়া বেগম। ছেলের বিজয়ের জন্য সকলের কাছে দোয়া কামনা করেন তিনি।
পরে আখতার হোসেন নিজের ভোটকেন্দ্র ঘুরে দেখেন। এসময় তিনি বলেন, মাকে নিয়ে নিজের ভোটকেন্দ্রে এসেছি, মা ভোট প্রদান করলেন এটি অত্যন্ত আবেগের এবং আনন্দের বিষয়। খুবই ভালো লাগছে, ভোটারদের ব্যাপক উপস্থিতি।
তবে ভোটের পরিবেশ বিষয়ে প্রশাসনের দুর্বলতার কথা জানান আখতার হোসেন। তিনি বলেন, এই পরিবেশ দিনভর পরিলক্ষিত থাকলে সুষ্ঠু ফলাফল নিয়ে একটা শঙ্কা থেকেই যায়। তাই প্রশাসনকে নিরপেক্ষ ভূমিকায় থাকার আহ্বান জানান তিনি।
এছাড়াও গতরাত থেকে দেশের বিভিন্ন স্থানে কিছু অনিয়মের খবর পাওয়া যাচ্ছে। নারী কর্মীসহ জাতীয় নাগরিক পার্টির কর্মীদেরও অনেক জাওয়ায় হেনস্তা করা হয়েছে। যা সুষ্ঠু ভোটের পরিবেশ নিয়ে ভাবিয়ে তুলেছে বলে অভিযোগ করেন তিনি।
নিজের বিজয়ের বিষয়ে আখতার হোসেন বলেন, ভোটের মাঠে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে, তবে এই আসনে ১১ দলীয় জোট সমর্থিত শাপলা কলি প্রতীকের গণজোয়ার উঠেছে। আশা করছি সুষ্ঠু ফলাফলে ব্যাপক ভোটে বিজয়ী হবো।
সকাল সাড়ে ৭টা থেকে রংপুরের প্রত্যেকটি ভোট কেন্দ্রে সুষ্ঠুভাবে ভোটগ্রহণ চলছে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। কেন্দ্রে কেন্দ্রে বেশ তৎপরতা লক্ষ্য করা গেছে আইনশৃঙ্খলা বাহিনীর।
জিতু কবীর/এফএ