ধানের শীষের বিজয় সুনিশ্চিত: মাহ্দী আমিন

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০২:০৪ পিএম, ১২ ফেব্রুয়ারি ২০২৬
বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও দলের চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমিন/ছবি-খালিদ হোসেন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও দলটির চেয়ারপারসনের উপদেষ্টা মাহ্দী আমিন বলেছেন, দীর্ঘ ১৬ বছর ফ্যাসিবাদবিরোধী আন্দোলন, গণ–অভ্যুত্থানে শহীদ ও গুম হওয়া মানুষের ত্যাগের ওপর দাঁড়িয়ে আজকের এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার মাধ্যমে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনে ‘ধানের শীষের বিজয় সুনিশ্চিত’, ইনশাল্লাহ।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে বিএনপির নির্বাচন পরিচালনা অফিসে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

মাহ্দী আমিন বলেন, দীর্ঘদিন পর গণমানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠিত হতে চলায় নির্বাচন ঘিরে মানুষের মধ্যে আবেগ, আকাঙ্ক্ষা ও অনুভূতির সৃষ্টি হয়েছে।

তিনি অভিযোগ করেন, পরাজয়ের আশঙ্কায় প্রতিপক্ষ রাজনৈতিক দল গতকাল রাত থেকে বিভিন্ন স্থানে অনাকাঙ্ক্ষিত ও সহিংস ঘটনার জন্ম দিয়েছে। এসব ঘটনা নির্বাচনি আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন বলেও দাবি করেন তিনি।

মাহ্দী আমিন বলেন, সচেতন জনগণ ও গণমাধ্যম এসব ঘটনা তুলে ধরেছেন এবং প্রতিহত করেছেন। নির্বাচন কমিশন, আইনশৃঙ্খলা বাহিনী ও অন্তর্বর্তী সরকারের প্রতি ফলাফল ঘোষণা হওয়া পর্যন্ত নির্বাচনি পরিবেশ নির্বিঘ্ন রাখার ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান তিনি।

তার ভাষ্য, ‘বিএনপির অবশ্যম্ভাবী বিজয় আঁচ করতে পেরে অপপ্রয়াস চালানো হলেও তা সফল হবে না। সারাদেশে জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোটদানে অংশ নিচ্ছেন, সেটিই তার প্রমাণ।’

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এরই মধ্যে সপরিবারে গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দিয়েছেন বলে জানান মাহ্দী আমিন।

তিনি বলেন, ভোট দেওয়ার সময় তারেক রহমান বিসমিল্লাহির রাহমানির রাহীম’ উচ্চারণ করে ব্যালট বাক্সে ভোট দেন। সেখানে উপস্থিত সাংবাদিকদের তারেক রহমান বলেন, ‘বিগত এক যুগেরও বেশি সময় ধরে বাংলাদেশের মানুষ এই দিনটির জন্য অপেক্ষা করছিলেন।’

তিনি আশা প্রকাশ করেন, জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে একটি নতুন গণতান্ত্রিক বাংলাদেশের সূচনা করবেন।

মাহ্দী আমিন আরও বলেন, সারাদেশ থেকে গতরাতে কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনার খবর পাওয়া গেছে। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোরভাবে সেসব পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছে, যা আশাব্যঞ্জক। ভোটার ও দলীয় নেতাকর্মীদের শেষ পর্যন্ত কেন্দ্রে অবস্থান করার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, ‘জনগণ সারাদিন ভোটকেন্দ্রে এসে তাদের অধিকার প্রয়োগ করলে ইনশাল্লাহ যে–কোনো ষড়যন্ত্র রুখে দেওয়া সম্ভব।’

মাহ্দী আমিন বলেন, ভোট জনগণের নাগরিক অধিকার। ভোটকেন্দ্রে দৃশ্যমান জনসমাগম দিন শেষে পূর্ণতা পাবে বলে তিনি আশা প্রকাশ করেন। তার মতে, জনগণের মূল্যবান ভোটই বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রা এবং নবীন–প্রবীণ, নারী–পুরুষ সবার আকাঙ্ক্ষা সুনিশ্চিত করবে।

তিনি জানান, সারাদেশে প্রায় ৪৩ হাজার ভোটকেন্দ্রে ভোটগ্রহণ চলছে। তবে এখনো পূর্ণাঙ্গ চিত্র পাওয়া যায়নি। নোয়াখালীর হাতিয়া ও কুমিল্লার চৌদ্দগ্রামসহ কয়েকটি স্থানে অসংগতি ও অনাকাঙ্ক্ষিত ঘটনার খবর পাওয়া গেছে বলেও উল্লেখ করেন তিনি। কোনো কোনো কেন্দ্রে ভোটারের দীর্ঘ লাইন থাকলেও ভোটগ্রহণের গতি আশানুরূপ নয় বলে দাবি করেন মাহ্দী আমিন। ভোটপ্রক্রিয়া দ্রুততর করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।

সবশেষে তিনি বলেন, যারা এখনো ভোট দেননি, তারা দ্রুত ভোট দিয়ে এই ঐতিহাসিক মুহূর্তের অংশীদার হন। মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং ভোটের মাধ্যমে রাষ্ট্রীয় মালিকানা জনগণের কাছে ফিরিয়ে দেওয়াই আজকের নির্বাচনের প্রধান লক্ষ্য। ভোটগ্রহণ শেষ হওয়ার আগে নাগরিকেরা যেন তাদের অধিকার প্রয়োগ করেন—সেই প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

কেএইচ/এমআরএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।