ভৈরবে কেন্দ্রের পাশে বিশৃঙ্খলা, ইউনিয়ন বিএনপির সভাপতি আটক
কিশোরগঞ্জের ভৈরবে ভোটকেন্দ্রের আশপাশে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে সাদেকপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হাসমত মিয়াকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
জানা যায়, আনুমানিক দেড়টার দিকে ভৈরব উপজেলার মৌটুপী মনোহরপুর সেরবাজ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের ৫০ গজের মধ্যে অবস্থান করে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। এ সময় দায়িত্বপ্রাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তাকে আটক করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভোটগ্রহণ চলাকালে কেন্দ্রের আশপাশে কিছু সময়ের জন্য উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। পরে সেনাবাহিনী হস্তক্ষেপ করলে পরিস্থিতি স্বাভাবিক হয়। আটকের পর হাসমত মিয়াকে সেনাবাহিনীর হেফাজতে নেওয়া হয়। তবে এ বিষয়ে সেনাবাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এ ঘটনার পর এলাকায় বাড়তি নিরাপত্তা জোরদার করা হয়েছে। ভোটগ্রহণ কার্যক্রম স্বাভাবিকভাবে চলমান। এ বিষয়ে ভৈরব থানার ওসি আতাউর রহমান আকন্দকে ফোন করা হলে তিনি জানান, আটকের বিষয়টি শুনেছি। বিস্তারিত এখনো জানতে পারিনি। খোঁজ নিচ্ছি।
রাজীবুল হাসান/এসইউ