জাল ভোট দিতে গিয়ে ধরা, নলছিটিতে নারীর ২ বছরের কারাদণ্ড

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঝালকাঠি
প্রকাশিত: ০৫:০৩ পিএম, ১২ ফেব্রুয়ারি ২০২৬

ঝালকাঠির নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়নের ভরতকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে জাল ভোট দেওয়ার সময় এক নারীকে হাতেনাতে আটক করা হয়েছে। বৃহস্পতিবার ভোটগ্রহণ চলাকালে এ ঘটনা ঘটে।

আটক নারীর নাম ছাবিলা বেগম (পিতা: শুকুর আলী হাওলাদার)। সংশ্লিষ্ট সূত্র জানায়, তিনি কেন্দ্রের ভেতরে প্রবেশ করে অন্য এক ভোটারের নামে ভোট দেওয়ার চেষ্টা করেন। এ সময় দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সন্দেহ হলে তাকে যাচাই-বাছাই করা হয়। প্রাথমিক তদন্তে জাল ভোট দেওয়ার চেষ্টা প্রমাণিত হলে ঘটনাস্থলেই তাকে আটক করা হয়।

পরে আটক ছাবিলা বেগমকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাৎক্ষণিক বিচার কার্যক্রম পরিচালনা করা হয়। দায়িত্বপ্রাপ্ত জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুক্তা রাণী নির্বাচন সংক্রান্ত আইন অনুযায়ী শুনানি শেষে আরপিও’র ৭৪(৫) ধারায় তাকে ২ বছরের সশ্রম কারাদণ্ড এবং ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। অর্থদণ্ড অনাদায়ে আরও ১৫ দিনের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

কেন্দ্র সংশ্লিষ্টরা জানান, ভোটগ্রহণ সুষ্ঠু রাখতে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। জাল ভোটের চেষ্টায় তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ায় সাধারণ ভোটারদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

এএমআইএন/এমএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।