বিশৃঙ্খলা-অনিয়মের অভিযোগ, কেন্দ্রের ভোট বাতিলের দাবি জামায়াত প্রার্থীর

উপজেলা প্রতিনিধি
উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি রূপগঞ্জ (নারায়ণগঞ্জ)
প্রকাশিত: ০৩:২৮ পিএম, ১২ ফেব্রুয়ারি ২০২৬

নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের একটি ভোটকেন্দ্রে নির্বাচনি সহিংসতা ও বহিরাগতদের প্রভাব বিস্তারের অভিযোগে ভোট বাতিলের আবেদন জানিয়েছে জামায়াত প্রার্থীর এজেন্ট অ্যাডভোকেট ইসরাফিল হোসেন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের নাওড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে বিশৃঙ্খলার ঘটনা ঘটে। এ ঘটনায় ভোট বাতিলের জন্য এই লিখিত আবেদন জমা দেন তিনি।

অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, দুপুরে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর লোকজন ভোটকেন্দ্রে ঢুকে অনাকাঙ্ক্ষিত গন্ডগোল ও বিশৃঙ্খলা সৃষ্টি করে। অনিয়ম হওয়ায় সুষ্ঠু পরিবেশ বিঘ্নিত হয়েছে। এই পরিস্থিতিতে কেন্দ্রের স্বচ্ছতা বজায় রাখতে ও ফেয়ার নির্বাচন অনুষ্ঠিত করতে অনিয়মে গৃহীত ভোট বাতিলের আবেদন করা হয়েছে।

অ্যাডভোকেট ইসরাফিল হোসেন বলেন, আমরা শান্তিপূর্ণ নির্বাচনের আশা করেছিলাম। কিন্তু নাওড়া প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে যেভাবে বিশৃঙ্খলা ও গন্ডগোল সৃষ্টি করা হয়েছে, তাতে সাধারণ ভোটারদের নিরাপত্তা চরম ঝুঁকির মুখে। এমন পরিস্থিতিতে স্বচ্ছ ভোট সম্ভব নয়। তাই আমি প্রিজাইডিং অফিসারের কাছে লিখিতভাবে এই কেন্দ্রের ভোট বাতিলের দাবি জানিয়েছি। আমরা চাই জনগণের সঠিক রায়ের প্রতিফলন ঘটুক পেশিশক্তির নয়।

এ বিষয়ে প্রিজাইডিং অফিসার ওবাইদুর রহমান বলেন, আমরা একটি লিখিত অভিযোগ পেয়েছি, যেখানে কেন্দ্রের গণ্ডগোলের কথা উল্লেখ করে ভোট বাতিলের অনুরোধ করা হয়েছে। আমি তাৎক্ষণিকভাবে বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানিয়েছি। বর্তমানে আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে।

নাজমুল হুদা/কেএইচকে/এমএন

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।