ত্যাগের প্রতিদান পেলেন ইয়াছিন, কুমিল্লা নগরীতে মিষ্টি বিতরণ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: ১০:৪৩ এএম, ১৮ ফেব্রুয়ারি ২০২৬
হাজি আমিন উর রশীদ ইয়াছিন

ত্যাগের প্রতিদান হিসেবে বিএনপির চেয়ারপাসনের উপদেষ্টা হাজি আমিন উর রশীদ ইয়াছিন মন্ত্রিত্ব পেয়েছেন বলে দাবি তার সমর্থকদের। এরইমধ্যে তাকে কৃষি, খাদ্য, মৎস ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।

এদিকে আমিন উর রশীদকে মন্ত্রী পরিষদে স্থান দেওয়ায় তার অনুসারী ও কুমিল্লা সাধারণ মানুষের মধ্যে আনন্দের জোয়ার বইছে। তারা কুমিল্লা নগরজুড়ে মিষ্টি বিতরণ করেছেন।

সূত্র জানায়, কুমিল্লা-৬ আসনে (সদর, কুমিল্লা সদর দক্ষিণ ও কুমিল্লা সিটি করপোরেশন) হাজি ইয়াছিন দলীয় মনোনয়ন না পাওয়ায় তার অনুসারীরা দীর্ঘ এক মাসেরও বেশি সময় ধরে রাজপথে লাগাতার আন্দোলন করেন। শেষ পর্যন্ত তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নিজের মনোনয়ন জমা দেন। দলের চেয়ারম্যান তারেক রহমানের অনুরোধে তিনি মনোনয়ন প্রত্যাহার করেন। দলীয় প্রার্থী মনিরুল হক চৌধুরীকে বিজয়ী করতে তার পক্ষে নির্বাচনি প্রচারণায় অংশ নেন। তার সমর্থকদের দাবি স্বতন্ত্র প্রার্থী হিসেবে তার জয়ী হওয়ার ব্যাপক সম্ভাবনা থাকলেও তিনি দলের চেয়ারম্যানের অনুরোধে নির্বাচন থেকে সরে আসেন।

কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু বলেন, তিনি সময়ের পরীক্ষিত রাজনীতিবিদ। বিগত সময়ে তিনি আন্দোলন-সংগ্রামে ব্যাপক ভূমিকা রাখেন। বিশেষ করে গত ১৭ বছর তিনি নেতাকর্মীদের আগলে রেখেছেন। দলের প্রতি তার ত্যাগ, সততা ও পরিচ্ছন্ন ব্যক্তিত্বের কারণে দল তাকে মূল্যায়ন করেছে। আমরা আশা করি তার হাত ধরে কুমিল্লাসহ সারাদেশে কৃষি, খাদ্য, মৎস ও প্রাণিসম্পদের ব্যাপক উন্নয়ন হবে।

উল্লেখ্য- ১৯৯৬ সালের ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনে হাজি আমিন উর রশীদ ইয়াছিন কুমিল্লা-৯ আসনে থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০৯ সালে তিনি কুমিল্লা কোতয়ালী থানা বিএনপির সভাপতি নির্বাচিত হন। ২০০১ সালে কেন্দ্রীয় বিএনপির সদস্য মনোনিত হন। ২০০৯ সালে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির সহ কৃষি বিষয়ক সম্পাদক হন। পরবর্তীতে কেন্দ্রীয় কমিটির ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক মনোনিত হন।

২০২২ সালের ৩০ মে হাজি ইয়াছিনকে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ঘোষণা করা হয়। সর্বশেষ ২০২৫ সালের ১২ মার্চ বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য মনোনীত হন তিনি।

জাহিদ পাটোয়ারী/এনএইচআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।