ব্র্যান্ডের মোড়ক লাগিয়ে নিম্নমানের খেজুর বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি টাঙ্গাইল
প্রকাশিত: ১০:৪৬ এএম, ১৮ ফেব্রুয়ারি ২০২৬

টাঙ্গাইলের কালিহাতীতে অভিনব কায়দায় ভেজাল মসলা ও নিম্নমানের খেজুর নামিদামি ব্র্যান্ডের মোড়ক লাগিয়ে বাজারজাত করার অপরাধে তিন প্রতিষ্ঠানকে ৩ লাখ ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দিনব্যাপী উপজেলার এলেঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা শাখার সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেলের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানায়, অভিযানে এলেঙ্গা পৌর এলাকার বাবুল মিয়ার কারখানায় মেয়াদোত্তীর্ণ রাঁধুনি মসলা ও মিষ্টি সজের সঙ্গে পাউডার মিশিয়ে নতুন করে বাজারজাত করার প্রমাণ পাওয়া যায়। এই গুরুতর অপরাধে তাকে ২ লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া নিম্নমানের খেজুর বিভিন্ন আকর্ষণীয় নামে মোড়কীকরণ, মেয়াদোত্তীর্ণ খেজুর সংরক্ষণ ও নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি করার দায়ে ‘নিউ সোনার গাঁ ফার্ম’ মালিককে ১ লাখ টাকা এবং ‘এলেঙ্গা ফ্রুটস’ মালিককে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়।

সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল বলেন, অসাধু ব্যবসায়ীরা মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলছে। জব্দকৃত ভেজাল ও মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য জনসমক্ষে ধ্বংস করা হয়েছে। রমজানকে সামনে রেখে নিত্যপণ্যের বাজারে স্থিতিশীলতা বজায় রাখতে এবং এ ধরনের প্রতারণা বন্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

আব্দুল্লাহ আল নোমান/কেএইচকে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।