নোয়াখালী

তালা ভেঙে আ’লীগ কার্যালয়ে ব্যানার টানালেন কর্মীরা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নোয়াখালী
প্রকাশিত: ১১:১৭ এএম, ১৮ ফেব্রুয়ারি ২০২৬

নোয়াখালীতে জেলা কার্যালয়ের তালা ভেঙে ব্যানার টানিয়েছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। এসময় স্লোগান দিয়ে কার্যালয় দখলের ঘোষণা দেন তারা।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকালে জেলা শহরের টাউনহল মোড়ে অবস্থিত আওয়ামী লীগ কার্যালয়ে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দীর্ঘদিন ধরে তালাবদ্ধ থাকা দলীয় কার্যালয়ের তালা ভেঙে সামনে ব্যানার টানানো হয়। পরে সেখানে জড়ো হয়ে স্লোগান ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন নেতাকর্মীরা। প্রায় আধাঘণ্টা এই কর্মসূচি পালন করা হয়।

বিক্ষোভকারীরা দাবি করেন, তৃণমূল নোয়াখালীর নেতাকর্মীদের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়েছে।

পরে ফেসবুকে ওই কর্মসূচির বেশ কয়েকটি ভিডিও ছড়িয়ে পড়ে। তবে আওয়ামী লীগের একাধিক নেতা জাগো নিউজকে বলেন, অফিস দখলে দলীয়ভাবে কোনো সিদ্ধান্ত হয়নি। এটা স্থানীয় কিছু আবেগি নেতাকর্মীর উদ্যোগ।

মো. জাহাঙ্গীর শেখ নামের একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে কর্মসূচির লাইভ দেখানো হয়। এতে লেখা হয়, ‘আগামী দিনে দেশের স্বাধীনতার পক্ষে সব শক্তি এক সঙ্গে কাজ করবো ইনশাল্লাহ, আমরা নোয়াখালী জেলা তৃণমূল আওয়ামী লীগ স্বাধীনতার পক্ষের দলের সঙ্গে কাজ করবো।’

ভিডিও শেয়ার করে হাসান মাসুদ জয় নামে একজন লিখেন, ‘কাদির হানিফ ইউনিয়ন আওয়ামী তৃণমূল নেতাকর্মীর দ্বারা নোয়াখালী জেলা আওয়ামী লীগ কার্যালয় খোলা হয়। কিন্তু দুঃখের বিষয় আওয়ামী লীগ ও অন্যান্য সহযোগী সংগঠনের পোস্ট পদবির বেলায় তাদের দেওয়া হয় না।’

জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্ট আন্দোলনের পর থেকে কার্যালয়টি তালাবদ্ধ ছিল। আন্দোলন চলাকালে বিক্ষুব্ধ ছাত্রজনতা কার্যালয়টিতে অগ্নিসংযোগ করলে ভবনটি আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়। পরে ওই কার্যালয়ে সব আসবাবপত্র চুরির ঘটনা ঘটে।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জাগো নিউজকে বলেন, বিষয়টি আমরা পরে শুনেছি। পুলিশ পাঠানো হয়েছে। কাউকে পাওয়া যায়নি। এ বিষয়ে খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।

ইকবাল হোসেন মজনু/এমএন/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।