ঢাকা-সিলেট মহাসড়কে ৬ কিলোমিটার যানজট

উপজেলা প্রতিনিধি
উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি রূপগঞ্জ (নারায়ণগঞ্জ)
প্রকাশিত: ০৫:৩৭ পিএম, ১৮ ফেব্রুয়ারি ২০২৬
ঢাকা-সিলেট মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে ছয় কিলোমিটার এলাকাজুড়ে দীর্ঘ যানজট তৈরি হয়েছে। ছবি-জাগো নিউজ

ঢাকা-সিলেট মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে ছয় কিলোমিটার এলাকাজুড়ে দীর্ঘ যানজট তৈরি হয়েছে। মহাসড়কের কাচপুর থেকে মৈকুলি পর্যন্ত ছয় কিলোমিটারে যানজট তীব্র আকার ধারণ করেছে। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও চালকরা।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে কাচপুর এলাকায় যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়। দুপুর গড়িয়ে বিকেলে মৈকুলি পর্যন্ত বিস্তৃত হয় যানজট।

যাত্রী সিফাতুল মারুফ জাগো নিউজকে বলেন, ‌‌‘কাচপুরের যানজটের অন্যতম কারণ চট্টগ্রাম মহাসড়ক থেকে উল্টো পথে অটোরিকশা অনবরত টাকা-সিলেট মহাসড়কে প্রবেশ করে। এতে প্রায় সময়ই সড়কে চলাচলকারী অন্য গাড়িগুলো আটকা পড়ে যানজট তৈরি হচ্ছে।’

ঢাকা-সিলেট মহাসড়কে ৬ কিলোমিটার যানজট

মেঘলা পরিবহনের চালক জাকির হোসেন বলেন, ‘মৈকুলি থেকে জ্যামে পড়ি। এক ঘণ্টা লেগেছে কাচপুর আসতে।’

যাত্রী মনির হোসেন বলেন, ‘সকাল ১০টায় সিমরাইল যাওয়ার পথে কাচপুর এসে যানজটে পড়ি। ফেরার পথে আবার সেই জ্যাম। ঘণ্টার পর ঘণ্টা যানজটে বসে মানুষজন ভোগান্তি পোহাচ্ছে।’

ঢাকা-সিলেট মহাসড়কে ৬ কিলোমিটার যানজট

এ বিষয়ে কাচপুর হাইওয়ে পুলিশের পরিদর্শক (টিআই) শাহাবুর জাগো নিউজকে বলেন, ‘ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে সমানতালে উন্নীতকরণ কাজ চলছে। আজ যানবাহনের চাপও কিছুটা বেড়েছে। এতে যানবাহন ধীরগতিতে চলছে। ফলে যানজট তৈরি হচ্ছে।’

কাচপুরে উল্টো পথে অটোরিকশা চলাচলের বিষয়ে তিনি বলেন, ‘আমরা প্রতিদিনই অটোরিকশা রেকার করছি, আটকাচ্ছি এবং ব্যবস্থা নিচ্ছি। কাচপুর ও শিমরাইল হাইওয়ে পুলিশের টিম মহাসড়কের যানজট নিরসনে যৌথভাবে কাজ করছে।’

নাজমুল হুদা/এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।