নেত্রকোনায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দুই কৃষকের ঘর পুড়ে ছাই

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নেত্রকোনা
প্রকাশিত: ০১:৫৪ পিএম, ১৯ ফেব্রুয়ারি ২০২৬

নেত্রকোনার মদনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকে লাগা আগুনে দুই কৃষকের তিনটি বসতঘর পুড়ে গেছে। বুধবার (১৮ ফেব্রুয়ারি) রাতে উপজেলার ফতেপুর ইউনিয়নের বনতিয়শ্রী গ্রামের মানিক মিয়া ও লিংকন মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দা ও মদন ফায়ার সার্ভিস স্টেশন সূত্রে জানা গেছে, বুধবার রাত পৌনে আটটার দিকে মানিক মিয়ার বাড়িতে রান্না করার জন্য রাখা গ্যাস সিলিন্ডার হঠাৎ বিস্ফোরণ ঘটে। পরে স্থানীয় লোকজন আগুন নেভানের চেষ্টা চালায়। কিন্তু ততক্ষণে পাশের বাড়ি লিংকন মিয়ার বসতঘরেও আগুন ছড়িয়ে পড়ে। আগুন নেভাতে বনতিয়শ্রী গ্রাম ছাড়াও পাশের হাসনপুর ও দেওসহিলা গ্রামের লোকজন ঘণ্টাখানেক চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়। খবর পেয়ে রাত পৌনে ১০টার দিকে মদন থেকে দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

ক্ষতিগ্রস্ত পরিবার দুটির দাবি, আগুনে তাদের প্রায় ৩৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ প্রশাসনের লোকজন ঘটনাস্থল পরিদর্শন করে।

কৃষক মানিক মিয়া বলেন, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের সঙ্গে সঙ্গে ঘরে আগুন লেগে যায়। আগুনে আমারসহ লিংকন মিয়ার তিনটি ঘর পুড়েছে। ঘরে থাকা প্রায় সাড়ে তিনশ মণ ধান ও চাল, নগদ বেশ কিছু টাকাসহ যা ছিল সব পুড়ে গেছে। এতে প্রায় ৩৫ লাখ টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে। আমরা এখন নিঃস্ব হয়ে গেছি।

মদন থানার উপপরিদর্শক (এস আই) উত্তম কুমার বলেন, ‘ঘরে রাখা রান্নার গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণ ঘটে দুইটি পরিবারের বসত ঘরসহ সব মালামাল পুড়ে গেছে। খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।’

মদন ফায়ার সার্ভিস স্টেশনের লিডার মঞ্জু মিয়া বলেন, ‘এলাকাটি দুর্গম হাওরাঞ্চল হওয়ায় পৌঁছাতে দেরি হয়। পরে স্থানীয়দের সহায়তায় রাত পৌনে ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। ক্ষতির পরিমাণ এখনো নির্ণয় করা হয়নি।’

মদন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বেদবতী মিস্ত্রি বলেন, ক্ষতিগ্রস্ত পরিবার দুটিকে প্রশাসনের পক্ষ থেকে নিয়ম অনুযায়ী সহযোগিতা করা হবে। আপাতত শুকনো খাবার, নগদ কিছু অর্থ ও কম্বল দেওয়া হয়েছে। বরাদ্দ পেলে ঢেউটিন ও আর্থিক অনুদান দেওয়া হবে।’

এইচ এম কামাল/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।