শপথ নিয়ে ফিরেই হাসপাতালে পরিচ্ছন্ন অভিযান চালালেন আমির হামজা
২৫০ শয্যা বিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালানোর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে এমপি হিসেবে কাজ শুরু করেছেন আলোচিত ইসলামী বক্তা মুফতি আমির হামজা।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে তিনি দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে হাসপাতাল চত্বরে পরিষ্কার পরিচ্ছন্নতা কাজ শুরু করেন। এর আগে সংসদ সদস্য হিসেবে শপথ নিয়ে বৃহস্পতিবার রাতে তিনি কুষ্টিয়ায় ফেরেন।
এবারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মুফতি আমির হামজা জামায়াত মনোনীত প্রার্থী হিসেবে কুষ্টিয়া-৩ (সদর) আসন থেকে সংসদ সদস্য পদে নির্বাচিত হন। পরিচ্ছন্নতা অভিযান চালানোর সময় আমির হামজার সঙ্গে ছিলেন কুষ্টিয়া জেলা জামায়াতের সেক্রেটারি সুজা উদ্দিন জোয়ার্দার, শহর জামায়াতের আমির এনামুল হকসহ দলের বিভিন্ন স্তরের নেতা কর্মীরা।
এছাড়াও হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. হোসেন ইমাম এ সময় উপস্থিত ছিলেন। এ সময় আমির হামজা বলেন, কুষ্টিয়া জেনারেল হাসপাতাল পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি এখানে যেসব সংকট রয়েছে সেগুলো খুব তাড়াতাড়ি সমাধান করা হবে। কেবল বাহ্যিক পরিষ্কার-পরিচ্ছন্নতা নয় এ হাসপাতালের যারা কর্মরত রয়েছেন তাদেরও মনের দিক দিয়ে পরিষ্কার হতে হবে। জনগণের সঠিক সেবা নিশ্চিত করতে হবে।
আল-মামুন সাগর/এএইচ/এএসএম