চাঁদপুরে অনিয়মের দায়ে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁদপুর
প্রকাশিত: ০৩:২১ পিএম, ২৪ ফেব্রুয়ারি ২০২৬

চাঁদপুরে জনস্বার্থে বাজার মনিটরিং কার্যক্রমের অংশ হিসেবে জেলা প্রশাসন ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে অভিযান পরিচালনা করেছে।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে চাঁদপুর শহরের পুরাণ বাজার এলাকায় ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করে অনিয়মের দায়ে তিনটি প্রতিষ্ঠানকে ২২ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান পরিচালনাকালে ওজনে কম দেওয়ার অভিযোগে ‘আজমেরী লাচ্ছা সেমাই’ নামক প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে মূল্য তালিকা হালনাগাদ না থাকায় মেসার্স সহদেব চন্দ্র সাহাকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। এ সংক্রান্ত জরিমানার আদেশ দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর রাব্বী।

অন্যদিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আই অনুযায়ী প্রশাসনিক ব্যবস্থা হিসেবে অবৈধভাবে একটি কোম্পানির আটা-ময়দার বস্তা ব্যবহার এবং উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ ছাড়া খাদ্যপণ্য বিক্রির অপরাধে ‘জনতা ফুড প্রোডাক্টকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এ জরিমানার আদেশ দেন চাঁদপুর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান।

চাঁদপুরে অনিয়মের দায়ে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

তিনি জানান, অভিযুক্ত প্রতিষ্ঠানসমূহ তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ পরিশোধ করে এবং ভবিষ্যতে এ ধরনের অনিয়ম থেকে বিরত থাকার অঙ্গীকার ব্যক্ত করে। এছাড়াও নিয়মিত মনিটরিং কার্যক্রমের অংশ হিসেবে আশপাশের অন্যান্য প্রতিষ্ঠান পরিদর্শন করা হয়। ব্যবসায়ীদের মাঝে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট ও পাম্পলেট বিতরণ করা হয় এবং ভোক্তা অধিকার বিরোধী কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়।

অভিযানে জেলা পুলিশের একটি টিম এবং বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা সার্বিক সহায়তা প্রদান করেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, বাজারে শৃঙ্খলা বজায় রাখা এবং ভোক্তাদের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

শরীফুল ইসলাম/আরএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।