যশোরে বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত ১০

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি যশোর
প্রকাশিত: ০৩:১৯ পিএম, ২৭ ফেব্রুয়ারি ২০২৬

যশোরের অভয়নগরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ১০জন আহত হয়েছেন।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের ভাটপাড়া বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে। রাতে আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতরা হলেন, উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক শেখ ইকবাল হোসেন, জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক শেখ খালিদ হোসেন, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান ইউসুফ, বাঘুটিয়া ইউনিয়ন বিএনপির প্রচার সম্পাদক জাকির হোসেন, ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির সিরাজুল ইসলাম, উপজেলা যুব জামায়াতের সভাপতি শেখ মাসুদ রানা ও সমর্থক শরিফুল ইসলাম।

প্রত্যক্ষদর্শীরা জানান, পারিবারিক কবরস্থান নিয়ে বিএনপির সমর্থক আশিক ও জামায়াত সমর্থক সাত্তারের মধ্যে মারামারি হয়। এতে জামায়াত সমর্থক সাত্তার আহত হন। এর প্রতিবাদে বৃহস্পতিবার বিকেলে ইউনিয়ন জামায়াতের সভাপতি শের আলীর নেতৃত্বে একটি মিছিল বের হয়। সন্ধ্যার দিকে দুই পক্ষের মধ্যে বাগবিতণ্ডার একপর্যায়ে সংঘর্ষের ঘটনা ঘটে। পরে পুলিশ ও সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান ইউসুফ বলেন, খালিদ ও ইকবাল ভাইকে কুপিয়ে তাদের পায়ের রগ কেটে দেওয়া হয়েছে। আমাকে ও জাকির ভাইকে পিটিয়ে ও কুপিয়ে আহত করা হয়েছে। এছাড়া মিছিলে থাকা অন্তত ২০ জন আঘাতপ্রাপ্ত হয়েছেন। জামায়াত-শিবিরের মিছিল থেকে উসকানিমূলক স্লোগান দিয়ে তারা দেশীয় অস্ত্রসহ আমাদের ওপর হামলা চালায়।

যশোর ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন উপজেলা যুব জামায়াতের সভাপতি শেখ মাসুদ রানা বলেন, স্থানীয় বিএনপির নেতাকর্মীরা উসকানিমূলক স্লোগান দিয়ে আমাদের শান্তিপূর্ণ মিছিলে হামলা চালিয়ে উল্টো আমাদের ওপর দায়ভার চাপিয়ে দিচ্ছে। তারা দেশীয় অস্ত্রসহ আমাকে, ইউনিয়ন জামায়াতের আমিরসহ ২০-৩০ জনকে মারপিট করে আহত করেছে। হামলাকারীদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

এ ব্যাপারে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল ইসলাম বলেন, ভাটপাড়া বাজারে পুলিশ ও সেনাবাহিনী উপস্থিত হলে পরিস্থিতি স্বাভাবিক হয়। এখনো কোনো পক্ষ অভিযোগ করেনি। তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

মিলন রহমান/আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।