মোংলায় খাল পুনঃখনন উদ্বোধন করলেন পরিবেশ প্রতিমন্ত্রী

উপজেলা প্রতিনিধি
উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি মোংলা (বাগেরহাট)
প্রকাশিত: ০৯:০০ পিএম, ২৮ ফেব্রুয়ারি ২০২৬

মোংলায় খাল পুনঃখনন উদ্বোধন করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার মিঠাখালী ইউনিয়নের মাদুরপাল্টা এলাকায় চারটি খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন করেন তিনি।

এ সময় প্রতিমন্ত্রী বলেন, এ খাল পুনঃখননের মধ্যদিয়ে এখানকার জীবন-জীবিকায় নতুন করে পরিবর্তন ঘটবে। পর্যায়ক্রমে যাতে সব খাল পুনঃখনন করা যায় সেই প্রচেষ্টা থাকবে আমার। এছাড়া গাছ লাগানোর ক্ষেত্রে সামাজিক বিপ্লব ঘটাতে হবে। তাপমাত্রা ও প্রকৃতির পরিবর্তনে খাপ খাওয়াতে হলে গাছ লাগানোর বিকল্প নেই। সরকারের প্রথম বছরে সারাদেশে পাঁচ কোটি গাছ লাগানো হবে। আর পাঁচ বছরে লাগানো হবে ২৫ কোটি গাছ। এর মধ্যদিয়ে সাড়ে তিনলাখ মানুষের সবুজ কর্মসংস্থান হবে।

বেসরকারি উন্নয়ন সংস্থা সিএনআরএসর নবপল্লব প্রকল্পের আওতায় মাদুরপাল্টা খাল, ভোলা নদী, পালেরখন্ড খাল ও বেনীরখন্ড খাল খনন করা হচ্ছে। প্রায় সাড়ে ৮ কিলোমিটার খাল খননে ব্যয় ধরা হয়েছে প্রায় ৫০ লাখ টাকা। আগামী মার্চ মাসের মধ্যে এ খাল খনন কাজ শেষ হবে।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শারমিন আক্তার সুমি, মোংলা-রামপাল সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. রেফাতুল ইসলাম, উপজেলা বিএনপি সভাপতি আব্দল মান্নান হাওলাদার ও সাধারণ সম্পাদক আবু হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

আবু হোসাইন সুমন/আরএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।