ঘরের এক কক্ষে মা আরেক কক্ষে ঝুলছিল মেয়ের মরদেহ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: ০৮:০৩ পিএম, ০১ মার্চ ২০২৬
মরদেহ উদ্ধারের পর বাড়িতে মানুষের জটলা

কুমিল্লার চান্দিনায় একই ঘরের দুই কক্ষ থেকে মা ও মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (১ মার্চ) বিকেল সাড়ে ৪টায় চান্দিনা উপজেলার দোল্লাই নবাবপুর ইউনিয়নের সাঁকোজ গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন দোল্লাই নবাবপুর গ্রামের মোজাহিদুল ইসলাম মজুমদারের স্ত্রী ফারহানা আক্তার (৩৩) ও তার মেয়ে ফাসিহা (৭)।

চান্দিনা থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, দুই মেয়ে ও এক ছেলের জননী ফারহানা আক্তার। ছেলে বাবার সঙ্গে ঢাকায় থাকেন। ১০ বছর বয়সী বড় মেয়ে স্থানীয় একটি মাদরাসায় আবাসিকে থেকে লেখাপড়া করে। বাড়িতে শাশুড়ির সঙ্গে ছোট মেয়েকে নিয়ে থাকতেন ফারহানা।

রোববার সকালে তালিম দিতে বাড়ি থেকে বের হন শাশুড়ি কদরবানু। দুপুরে শাশুড়ি বাড়ি ফিরে ঘরের দরজা-জানালা বন্ধ দেখতে পান। তিনি বাইরে থেকে ডাকাডাকি করেন। কোনো সাড়াশব্দ না পেয়ে এক পর্যায়ে আশপাশের মানুষজন ডাকেন। পরে প্রতিবেশীরা এসে জানালা ভেঙে ঘরের একটি কক্ষে শিশু ফাসিহা এবং অন্য কক্ষে ফারহানার ঝুলন্ত মরদেহ দেখতে পান। পরে থানায় খবর দেওয়া হলে পুলিশ গিয়ে মরদেহ দুটি উদ্ধার করে।

প্রতিবেশী রাসেল মজুমদার বলেন, ‘জানালা ভেঙে ঘরের একটি কক্ষের ভেতরে দেখি একটি কক্ষে শিশুর এবং অন্য কক্ষে নারীর ঝুলন্ত মরদেহ। পরে পুলিশকে খবর দেওয়া হয়।’

এ বিষয়ে চান্দিনা থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান বলেন, ‘মা-মেয়ের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মেয়ের গলায় ফাঁস লাগিয়ে হত্যার পর মা নিজেও আত্মহত্যা করেন। ময়নাতদন্তের রিপোর্ট পেলে বিষয়টি পরিষ্কার হওয়া যাবে।’

জাহিদ পাটোয়ারী/এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।