বাগেরহাটে জামায়াত সমর্থকদের হামলায় প্রবাসী বিএনপি সমর্থক নিহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বাগেরহাট
প্রকাশিত: ১১:২৪ এএম, ০২ মার্চ ২০২৬

বাগেরহাটের শরণখোলায় নির্বাচন পরবর্তী মারামারির জেরে জামায়াত সমর্থকদের হামলায় আরিফুল ইসলাম মাসুম (২৬) নামে মালয়েশিয়া প্রবাসী এক বিএনপি সমর্থক নিহত হয়েছেন।

রোববার (১ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে শরণখোলা উপজেলার খুড়িয়াখালি গ্রামে এ হামলার ঘটনা ঘটে।

নিহত আরিফুল ইসলাম মাসুম উপজেলার খুড়িয়াখালি গ্রামের মৃত আব্দুল মজিদ হাওলাদারের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও পরিবারসূত্রে জানা যায়, আরিফুল ইসলাম মাসুম রাত ৮টার দিকে শ্বশুরবাড়ি থেকে নিজ বাড়িতে ফিরছিলেন। পথিমধ্যে স্থানীয় জামায়াত সমর্থক আফজাল বয়াতি ও বারেক শরীফের নেতৃত্বে ২০-২৫ জনের একটি সংঘবদ্ধ দল তাকে গতিরোধ করে মারধর করে।

সাউথখালী ইউনিয়ন বিএনপির সভাপতি শহিদুল ইসলাম লিটন বলেন, তারাবির নামাজের পরে মাসুমকে জামায়াতের কর্মীরা মারধর করে আটকে রেখেছে এমন খবর পাই। পরে স্থানীয় তাফালবাড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ ও স্থানীয় সাউথখালী ইউনিয়ন জামায়াতের নেতাদের নিয়ে ঘটনাস্থলে যাই। সেখানে যাওয়ার পর আহত মাসুমের কাছে ঘটনা জানতে চাইলে সে অসুস্থ হয়ে পড়ে। তাৎক্ষণিক শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। একপর্যায়ে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি জানান, নির্বাচনের আগে ও পরে ওই এলাকায় তাদের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। দুই দফায় হামলার ঘটনা ঘটে। জামায়াত ও বিএনপির উভয় পক্ষের লোকজন আহত হন। ওই ঘটনার জের ধরে জামায়াত সমর্থকরা মাসুমকে ধরে মারধর করে। তিনি এই ঘটনায় যারা জড়িত তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

সাউথখালী ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা মোশাররফ হোসাইন বলেন, আফজাল বয়াতি ও বারেক শরীফ জামায়াতের সঙ্গে কোনোভাবে সংশ্লিষ্ট নয়। কেউ কেউ বলে তারা আওয়ামী লীগের কর্মী ছিল।

শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সামিনুল হক জানান, হামলার খবর জানার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পরে হামলায় মাসুম নামের এক মালয়েশিয়া প্রবাসী মারা গেছে। মরদেহ বাগেরহাট জেলা হাসপাতাল মর্গে ময়নাতদন্ত সম্পন্ন হবে। মায়াতদন্ত রিপোর্টে পেলে প্রকৃত ঘটনা জানা যাবে।

তিনি আরও বলেন, নিহতের পরিবার ও রাজনৈতিক নেতাদের অভিযোগের প্রেক্ষিতে পুলিশ ইতোমধ্যে তদন্তে নেমেছে। প্রকৃত ঘটনা উদঘটনের মধ্য দিয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

নাহিদ ফরাজী/এমএন/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।