এক হামলাতে সম্ভাব্য সব ইরানি নেতা নিহত: ট্রাম্প
ফেব্রুয়ারি মাসের শেষ দিন শনিবার (২৮ ফেব্রুয়ারি) মার্কিন-ইসরায়েলি বিমান হামলা এতটাই নিখুঁত ও সফল ছিল যে, ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা হওয়ার দৌড়ে থাকা ট্রাম্পের পছন্দের প্রায় সকল সম্ভাব্য প্রার্থীই নিহত হয়েছেন।
মার্কিন সংবাদমাধ্যম এবিসি নিউজকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে এমন দাবি করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
এর আগে ফক্স নিউজকেও ট্রাম্প জানিয়েছিলেন যে, এক হামলাতেই ইরানের ৪৮ জন শীর্ষ নেতা নাই হয়ে গেছেন।
সাক্ষাৎকারে ট্রাম্প বেশ আত্মবিশ্বাসের সাথে বলেন, এই আক্রমণ এতটাই সফল ছিল যে এটি সম্ভাব্য অধিকাংশ প্রার্থীকে (উত্তরসূরি) নির্মূল করে দিয়েছে। আমরা ইরানের নেতৃত্বের জন্য যাদের কথা ভাবছিলাম তাদের কাউকেই এখন আর পাওয়া যাবে না, কারণ তারা সবাই মারা গেছে। তালিকায় থাকা দ্বিতীয় বা তৃতীয় স্থানের ব্যক্তিরাও এখন মৃত।
আয়াতুল্লাহ আলী খামেনির কোনো নির্দিষ্ট বা ঘোষিত উত্তরসূরি ছিল না। ট্রাম্পের দাবি অনুযায়ী যদি শীর্ষ সারির সকল ধর্মীয় ও রাজনৈতিক নেতা নিহত হয়ে থাকেন, তবে ইরানের 'অ্যাসেম্বলি অব এক্সপার্টস' (বিশেষজ্ঞ পরিষদ) এক নজিরবিহীন সংকটের মুখে পড়বে।
ট্রাম্প আরও যোগ করেছেন যে, যুক্তরাষ্ট্রের কাছে এখন ইরানের নতুন সম্ভাব্য নেতৃত্ব সম্পর্কে খুব ভালো ধারণা আছে। তবে তারা কারা বা কীভাবে ক্ষমতায় আসবে, সে বিষয়ে তিনি স্পষ্ট কিছু বলেননি।
কেএম