ঈদযাত্রা
দৌলতদিয়া-পাটুরিয়া রুটে চলবে ১৬ ফেরি ২০ লঞ্চ
আসন্ন পবিত্র ঈদুল ফিতরে যাত্রী ও যানবাহন পারাপার নির্বিঘ্ন করতে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের গুরুত্বপূর্ণ দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে এবার চলাচল করবে ১৬টি ফেরি ও ২০টি লঞ্চ।
রোববার (৮ মার্চ) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ঈদুল ফিতর উপলক্ষে আয়োজিত এক সভায় এ তথ্য জানানো হয়।
সভায় বিআইডব্লিউটিসি ও বিআইডব্লিউটিএ কর্মকর্তারা জানান, আসন্ন ঈদে যাত্রী ও যানবাহন পারাপার নির্বিঘ্ন করতে ১৬টি ফেরি এবং ২০টি লঞ্চ চলাচল করবে, যার প্রায় সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। পাশাপাশি দৌলতদিয়া প্রান্তে ৩, ৪ ও ৭ নম্বর—এ তিনটি ফেরি ঘাট সচল থাকবে।
ঘাট এলাকা যানজটমুক্ত এবং চাঁদাবাজ, দালাল, ছিনতাইকারী ও মলমপার্টির দৌরাত্ম্য রোধে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ পোশাক ও সাদা পোশাকে জেলা পুলিশের কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকবে। অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে ভাড়ার চার্ট ও টিকিট কাউন্টারের তালিকা প্রদর্শন এবং অবৈধ যানবাহন চলাচল রোধে ঘাট এলাকায় সার্বক্ষণিক মনিটরিং করবেন প্রশাসনের কর্মকর্তারা।
ঘাট এলাকায় আলোকসজ্জা, অস্থায়ী টয়লেট, মাতৃদুগ্ধ কেন্দ্রসহ থাকবে সুপেয় পানি ও ইফতারের ব্যবস্থা।
রাজবাড়ী জেলা প্রশাসক সুলতানা আক্তারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মো. হারুন-অর-রশিদ।
সভায় আরও উপস্থিত ছিলেন রাজবাড়ী পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ, সিভিল সার্জন ডা. এস এম মাসুদসহ জেলা ও পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
রুবেলুর রহমান/এসআর/এমএস