এমপির আধাঘণ্টা পরে এলেন ডিসি, নারী দিবসের র্যালি শুরু হতে বিলম্ব
বাগেরহাটে নানা অব্যবস্থাপনা ও অনিয়মের মধ্য দিয়ে আন্তর্জাতিক নারী দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে রোববার (৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টায় শহরের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে র্যালি বের হওয়ার কথা থাকলেও সময় মত শুরু হয়নি।
এদিকে র্যালি ও আলোচনা সভার প্রধান অতিথি বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ সকাল সাড়ে ৯টায় উপস্থিত হয়ে গাড়ির ভিতরে অপেক্ষা করতে থাকেন। পরে সকাল ১০টায় জেলা প্রশাসক গোলাম মো. বাতেন এলে র্যালি শুরু হয়। শহীদ মিনার থেকে শুরু হয়ে র্যালিটি স্বাধীনতা উদ্যানে এসে শেষ হয়।
পরে সেখানে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মো. বাতেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য শেখ মঞ্জুরুল হক রাহাদ।
আলোচনা সভায় আরও বক্তব্য দেন বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাদিয়া ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) অনুপ দাস, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আবু রিয়াদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা. আতিয়া খাতুন, মহিলা বিষয়ক অধিদপ্তর, বাগেরহাটের উপ-পরিচালক সাহেলা পারভীন প্রমুখ।

এদিকে র্যালি ও আলোচনা সভাজুড়ে ব্যানার পরিবর্তন করে স্থানীয় কিছু বেসরকারি উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালকদের ছবি তোলা নিয়ে হুলস্থুল করতে দেখা যায়। এমনকি আলোচনা সভাস্থলে সংবাদকর্মীদের বসার জন্য কোনো স্থান বা চেয়ারও ছিল না।
র্যালিতে অংশ নিতে আসা নারীরা জানান, রমজানে সকালে অনেক দূর থেকে এসে রোদে অনেক সময় দাঁড়িয়ে থাকতে হয়েছে। নির্দিষ্ট সময় অনুষ্ঠানটা হলে বেগ পেতে হতো না। এসব বিষয় নিয়ে র্যালি ও আলোচনা সভায় অংশগ্রহণকারীদের মাঝে ক্ষোভের সঞ্চার হয়েছে। ক্ষোভ প্রকাশ করেছেন সংবাদকর্মীরা।
এ বিষয়ে মহিলা বিষয়ক অধিদপ্তর, বাগেরহাটের উপ-পরিচালক সাহেলা পারভীন বলেন, আন্তর্জাতিক নারী দিবস অনুষ্ঠানটা কিছুটা বিলম্ব হয়েছে, তবে অব্যবস্থাপনা তেমন কিছু হয়নি। সাংবাদিকরা তিলকে তাল বানান এছাড়া আর কিছু বলার নেই বলে তিনি ফোনটা কেটে দেন।
নাহিদ ফরাজী/এনএইচআর/এমএস