রূপগঞ্জে সাংবাদিককে অপহরণ-মুক্তিপণ দাবি, ৫ ঘণ্টা পর উদ্ধার

উপজেলা প্রতিনিধি
উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি রূপগঞ্জ (নারায়ণগঞ্জ)
প্রকাশিত: ০২:১৮ পিএম, ১০ মার্চ ২০২৬

নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি সিএনজিচালিত অটোরিকশায় তুলে নিয়ে মাইনুল ইসলাম (৪০) নামে এক সাংবাদিককে অপহরণের ঘটনা ঘটেছে। পরে অভিযান চালিয়ে প্রায় ৫ ঘণ্টা পর তাকে অক্ষত অবস্থায় উদ্ধার করে পুলিশ।

সোমবার (৯ মার্চ) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে উপজেলার শাওঘাট ইউনিয়নের কুশাবো এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়।

এর আগে সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে তারাবো পৌরসভার কর্ণগোপ এলাকায় একটি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে তাকে অপহরণ করা হয়েছিল।

উদ্ধার হওয়া সাংবাদিক মাইনুল ইসলাম উপজেলার সরকার পাড়া এলাকার আলী আকবরের ছেলে। তিনি দৈনিক ঘোষণা পত্রিকার রূপগঞ্জ প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন।

ভুক্তভোগী মাইনুল ইসলাম বলেন, কর্ণগোপ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে তার একটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। সেখান থেকে কয়েকজন ব্যক্তি তাকে অস্ত্রের মুখে জিম্মি করে একটি সিএনজিতে তুলে নিয়ে যায়। পরে উপজেলার কুশাবো নামক নির্জন স্থানে নিয়ে মুখ বেঁধে নির্যাতন চালায়। এবং তার পরিবারের কাছে ফোন করে মুক্তিপণের জন্য ১ লাখ টাকা চাওয়া হয়। তার স্ত্রী দুই দফায় বিকাশের মাধ্যমে ২৪ হাজার টাকা তাদেরকে পাঠান। এছাড়া অপহরণকারীরা তাকে দোকান থেকে উঠিয়ে নেওয়ার সময় ক্যাশ থেকে নগদ ৫৮ হাজার টাকা ছিনিয়ে নেয়। তবে পুলিশের ব্যাপক নজরদারি ও অভিযানে জুয়েলকে ছেড়ে দিতে বাধ্য হয় অপহরণকারীরা।

এ বিষয়ে রূপগঞ্জ থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ফজলে রাব্বি বলেন, খবর পাওয়ার পর আমরা নম্বর ট্র‌্যাকিং করি। পরে কাঞ্চন পুলিশ ফাঁড়ি ও ভুলতা পুলিশ ফাঁড়ির দুইটি টিমকে সঙ্গে নিয়ে অভিযান পরিচালনা করি। অপহরণকারীরা পুলিশের তৎপরতা টের পেয়ে মাইনুলকে ছেড়ে শটকে পড়ে।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবজেল হোসেন জাগো নিউজকে বলেন, সোমবার রাতে মাইনুল ইসলাম নামে এক সাংবাদিককে অপহরণকারীরা তুলে নিয়ে যায়। পরিবারের অভিযোগ পেয়ে তাৎক্ষণিক অভিযানে নামে পুলিশ। পুলিশের কড়া নজরদারির ফলে অপহরণকারীরা মাইনুলকে ছেড়ে পালিয়ে যায়। বিষয়টি তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

নাজমুল হুদা/এফএ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।