খাগড়াছড়িতে রান্নাঘর থেকে গৃহবধূর রক্তাক্ত মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি খাগড়াছড়ি
প্রকাশিত: ০৩:২৭ পিএম, ১০ মার্চ ২০২৬

খাগড়াছড়ির মানিকছড়িতে নিজ বাড়ির রান্নাঘর থেকে এক গৃহবধূর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১০ মার্চ) সকালে উপজেলার বড়বিল এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত নারী রাম্রা মারমা (৪১)। তিনি তিন ছেলে ও এক কন্যা সন্তানের জননী বলে জানা গেছে।

নিহতের মেয়ে কলেজছাত্রী আনুমা মারমা জানান, সোমবার রাত ১০টার দিকে তিনি ও তার মা রাম্রা মারমা একসঙ্গে খাবার খেয়ে নিজ শয়নকক্ষে ঘুমিয়ে পড়েন। মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে ঘুম থেকে উঠে মাকে ঘরে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন তিনি। একপর্যায়ে বাড়ির রান্নাঘরে গিয়ে বিছানার ওপর কম্বল মুড়ি দেওয়া অবস্থায় কাউকে শুয়ে থাকতে দেখেন। পরে কম্বল সরিয়ে দেখেন তার মায়ের মাথা ও গলায় আঘাতের চিহ্নসহ রক্তাক্ত মরদেহ পড়ে আছে। এ দৃশ্য দেখে তিনি চিৎকার শুরু করলে আশপাশের লোকজন ছুটে আসেন। পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

মানিকছড়ি থানার ওসি (তদন্ত) মো. আল আমিন জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি চলছে। ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে তদন্ত শুরু করেছে পুলিশ এবং জড়িতদের দ্রুত গ্রেফতারের চেষ্টা চলছে।

প্রবীর সুমন/কেএইচকে/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।