জয়পুরহাট

টানা ৪০ দিন জামাতে নামাজ পড়ে সাইকেল পেলো শিশু-কিশোররা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি জয়পুরহাট
প্রকাশিত: ০১:২৮ পিএম, ০৮ মার্চ ২০২৬

স্মার্টফোন ও ইন্টারনেটের এই যুগে শিশু-কিশোরদের বিপথগামী হওয়া থেকে রক্ষা করতে ও তাদের মসজিদমুখী করতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে জয়পুরহাট শহরের সাহেব পাড়া জামে মসজিদ কমিটি। টানা ৪০ দিন ফজরের জামাতসহ পাঁচ ওয়াক্ত নামাজ মসজিদে এসে আদায় করা স্কুলপড়ুয়া শিশু-কিশোরদের দেওয়া হয়েছে বাইসাইকেল ও নগদ অর্থ পুরস্কার।

শনিবার (৭ মার্চ) বিকেল ৩টায় সাহেব পাড়া জামে মসজিদ প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশে এসব পুরস্কার বিতরণ করা হয়। এতে শিশু-কিশোর ও তাদের অভিভাবকদের মাঝে উচ্ছ্বাস দেখা গেছে।

মসজিদ কমিটির পক্ষ থেকে জানানো হয়, শিশু-কিশোরদের মধ্যে ধর্মীয় মূল্যবোধ গড়ে তোলা এবং তাদের খারাপ আড্ডা ও মোবাইল আসক্তি থেকে দূরে রাখতে এই কর্মসূচি নেওয়া হয়। ঘোষণার পর শহরের বিভিন্ন এলাকার স্কুলপড়ুয়া শিশুরা এতে অংশ নেয় ও নিয়মিত মসজিদে এসে জামাতে নামাজ আদায় করে।

টানা ৪০ দিন জামাতে নামাজ পড়ে সাইকেল পেলো শিশু-কিশোররা

প্রতিযোগিতায় সফলভাবে টানা ৪০ দিন মসজিদে এসে জামাতে পাঁচ ওয়াক্ত নামাজ আদায়কারীদের তিনটি ক্যাটাগরিতে পুরস্কৃত করা হয়। এর মধ্যে প্রথম স্থান অধিকারী ১৪ জন শিশুকে একটি করে নতুন বাইসাইকেল দেওয়া হয়েছে। দ্বিতীয় স্থান অধিকারী ১৭ জনকে দেওয়া হয়েছে ১ হাজার ৫০০ টাকা করে ও তৃতীয় স্থান অর্জনকারী ৬ জনকে দেওয়া হয়েছে ১ হাজার টাকা করে নগদ অর্থ।

সাহেব পাড়া জামে মসজিদ কমিটির সভাপতি ও জেলা জামায়াতে সহকারী সেক্রেটারি মুহা. হাসিবুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন মসজিদ কমিটির সেক্রেটারি মাফিজুর রহমান মাফু।

সভাপতির বক্তব্যে হাসিবুল আলম বলেন, বর্তমান সময়ে শিশু-কিশোরদের একটি বড় অংশ মোবাইল গেমস ও ইন্টারনেটে আসক্ত হয়ে পড়ছে। এই অবস্থা থেকে তাদের ফিরিয়ে আনতে মসজিদভিত্তিক উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। ছোটোবেলা থেকেই যদি শিশুদের মধ্যে নামাজ ও ধর্মীয় মূল্যবোধের চর্চা গড়ে ওঠে, তাহলে তারা ভবিষ্যতে দেশ ও সমাজের জন্য সম্পদে পরিণত হবে।

টানা ৪০ দিন জামাতে নামাজ পড়ে সাইকেল পেলো শিশু-কিশোররা

এসময় মসজিদের ইমাম ও খতিব মাওলানা মাহিদুল ইসলাম, ইসমাইল হোসেন, রঞ্জু, ইঞ্জিনিয়ার আব্দুল বাতেন, শাহ আলম মোল্লা রিপন এবং মাওলানা জোবাইদুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্যরা বক্তব্য দেন।

অনুষ্ঠানে উপস্থিত অভিভাবকরা এমন উদ্যোগকে সাধুবাদ জানান। তাদের অনেকেই বলেন, পুরস্কারের উৎসাহে শিশুরা নিয়মিত মসজিদে যাচ্ছে এবং তাদের মধ্যে নামাজের অভ্যাস গড়ে উঠছে।

মাহফুজ রহমান/এমএন/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।