ছাত্রদল নেতা আবির ইফতেখারকে শোকজ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি জয়পুরহাট
প্রকাশিত: ০১:২৯ পিএম, ১১ মার্চ ২০২৬

আর্থিক লেনদেন ও মারধরের অভিযোগ থাকায় জয়পুরহাটে ছাত্রদলের নেতা আবির ইফতেখারকে শোকজ (কারণ দর্শানোর নোটিশ) করা হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) ক্ষেতলাল উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ফেরদৌস রহমান মিলনের স্বাক্ষরিত নোটিশে এসব তথ্য জানানো হয়েছে।

নোটিশে বলা হয়েছে, জেলার মামুদপুর ইউনিয়নের ছাত্রদলের সভাপতি দায়িত্বে থাকা অবস্থায় আবির ইফতেখারের নামে বিভিন্ন পত্র পত্রিকা, সোস্যাল মিডিয়া এবং অভিযোগকারী লিটন মোল্যা তার ভাই মুমিন মোল্যার আর্থিক লেনদেন ও মারধরের অভিযোগ করা হয়েছে, তাতে বিভিন্ন জায়গায় বিষয়টি আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে। এমন অভিযোগের ভিত্তিতে আপনাকে কারণ দর্শানো হলো।

নোটিশে আরও বলা হয়েছে, আগামী তিন কর্মদিবসের মধ্যে উপজেলা ছাত্রদলের সভাপতি কেএম হাসান ও সদস্য সচিব রাশেদুল ইসলামের কাছে লিখিতভাবে এবং সশরীরে উপস্থিত হয়ে অভিযোগের বিষয়ে তাকে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে জবাব দিতে ব্যর্থ হলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও উল্লেখ করা হয়।

ক্ষেতলাল উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রাশেদুল ইসলাম বলেন, লিটন মোল্লা নামের এক যুবকের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। তার দাবির পরিপ্রেক্ষিতেই বিষয়টি সংগঠনের নজরে আসে এবং অভিযোগের বিষয়ে ব্যাখ্যা চেয়ে আবির ইফতেখারের কাছে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

এ বিষয়ে আবির ইফতেখারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

মাহফুজ রহমান/এনএইচআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।