মাটি খুঁড়ে বের হলো রহস্যময় ১৫ প্রাচীন কলস

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফরিদপুর
প্রকাশিত: ০৯:৫৩ পিএম, ১২ মার্চ ২০২৬

ফরিদপুরের ভাঙ্গায় ড্রেন নির্মাণের জন্য মাটি খননের সময় একে একে বেরিয়ে এসেছে ১৫টি বিশালাকৃতির মাটির কলস। ধারণা করা হচ্ছে, উদ্ধারকৃত এসব কলস কয়েক দশকের পুরোনো, তবে এর সঠিক বয়স সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি।

বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুরে ভাঙ্গা পৌরসভার একটি ড্রেন সংস্কার কাজ চলাকালে এসব কলস পাওয়া যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, খনন কাজ চলাকালে শ্রমিকরা প্রথমে একটি বড় মাটির কলস দেখতে পান। পরে খনন কাজ চালিয়ে গেলে একই ধরনের আরও অনেকগুলো কলস বেরিয়ে আসে। অল্প সময়ের মধ্যেই এলাকায় গুজব ছড়িয়ে পড়ে-কলসগুলোতে নাকি স্বর্ণ বা মূল্যবান ধনসম্পদ রয়েছে। এই খবর ছড়িয়ে পড়ার পর দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত ঘটনাস্থলে উৎসুক জনতার ভিড় জমে যায়। স্থানীয় মানুষজন দলে দলে এসে মাটির নিচ থেকে ওঠানো কলসগুলো দেখতে থাকেন। কেউ কেউ ধারণা করতে থাকেন, বহু পুরোনো গুপ্তধন পাওয়া গেছে।

মাটি খুঁড়ে বের হলো রহস্যময় ১৫ প্রাচীন কলস

ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় ভাঙ্গা থানা পুলিশ, গোয়েন্দা সংস্থার সদস্যরা এবং উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদরুল আলমসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তারা।

স্থানীয় বাসিন্দা রিপন শেখ জানান, ভাঙ্গা পৌরসভার ড্রেন খননের সময় বড় বড় কলস পাওয়া গেছে- এমন খবর ছড়িয়ে পড়তেই এলাকাবাসী ঘটনাস্থলে ছুটে আসেন। অনেকেই ভেবেছিলেন কলসগুলোতে স্বর্ণ বা মূল্যবান কিছু থাকতে পারে। তবে পরে দেখা যায়, কলসগুলোর ভেতরে কেবল মাটি ভর্তি।

খননকাজে নিয়োজিত শ্রমিক আকিজ বলেন, খনন করার সময় প্রথমে একটি কলস দেখা যায়। পরে খনন অব্যাহত রাখলে একের পর এক আরও অনেকগুলো কলস বেরিয়ে আসে। এগুলো বেশ পুরোনো এবং বড় আকৃতির হলেও ভেতরে মাটি ছাড়া অন্য কিছু পাওয়া যায়নি।

মাটি খুঁড়ে বের হলো রহস্যময় ১৫ প্রাচীন কলস

এলাকার প্রবীণ বাসিন্দা মোসলেম মোল্লার ভাষ্য অনুযায়ী, বহু বছর আগে কুমার নদীর তীব্র স্রোত ও ভাঙনের সময় নদীর পাড় রক্ষার জন্য বড় বড় কলসে বালু ভরে সারি করে মাটির নিচে স্থাপন করা হয়েছিল। ধারণা করা হচ্ছে, সেই সময়কারই এসব কলস এখন খননের সময় বেরিয়ে এসেছে।

বিষয়টি নিয়ে ভাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদরুল আলম বলেন, কলসে স্বর্ণ পাওয়া গেছে- এমন খবর সম্পূর্ণ গুজব। আমরা ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সামনে কয়েকটি কলস উঠিয়ে পরীক্ষা করেছি। সবগুলোতেই শুধু মাটি পাওয়া গেছে, অন্য কিছু নয়।

তিনি আরও জানান, ঘটনাটি নিয়ে মানুষকে বিভ্রান্ত না হওয়ার জন্য সবাইকে সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে।

এন কে বি নয়ন/কেএইচকে/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।