প্রথমবার এমপি হয়েই মন্ত্রী হলেন আহমেদ আযম খান

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি টাঙ্গাইল
প্রকাশিত: ০৪:৩৭ পিএম, ১৩ মার্চ ২০২৬

টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসন থেকে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েই মন্ত্রিসভায় স্থান করে নিয়েছেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান। তাকে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১২ মার্চ) রাতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

এদিকে আহমেদ আযম খান মন্ত্রী হওয়ায় টাঙ্গাইলে দলীয় নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস ও উদ্দীপনা দেখা গেছে। এছাড়া তার নির্বাচনি এলাকা সখীপুর বাসাইলে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে টাঙ্গাইল শহরের শহীদ মিনার থেকে আহমেদ আযম খানের সমর্থিত বিএনপির নেতাকর্মীরা মিছিল বের হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুরাতন বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়। পরে সেখানে মিষ্টি বিতরণ করা হয়।

খোঁজ নিয়ে জানা যায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৮ আসন থেকে আহমেদ আযম খান ১ লাখ ১৩ হাজার ২১৪ ভোট পান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ও শিল্পপতি সালাউদ্দিন আলমগীর (হরিণ) প্রতীক নিয়ে পান ৭৬ হাজার ৪৪৮ ভোট। এতে ৩৬ হাজার ৭৬৬ ভোটের ব্যবধানে জয়ী হয়ে তিনি প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। তবে এর আগে তিনি ২০০৮ এবং ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে পরাজিত হয়েছিলেন।

সখীপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সিকদার মোহাম্মদ ছবুর রেজা বলেন, স্বাধীনতার ৫৪ বছর পর এই প্রথম একজন মন্ত্রী পেলাম আমরা। আশা করছি, তার হাত ধরে আমাদের সখীপুরের আঁটিয়া বন অধ্যাদেশসহ সখীপুর-বাসাইলের বিভিন্ন সমস্যার সমাধান হবে এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ড ও উন্নয়ন সাধিত হবে।

বাসাইল উপজেলা বিএনপি সাবেক সভাপতি এনামুল করীম অটল বলেন, আহমেদ আযম খান তৃণমূল থেকে তিল তিল করে গড়ে ওঠা রাজনৈতিক কর্মী থেকে নেতা হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন। সুখে-দুঃখে এলাকার মানুষ তাকে পাশে পায়।

উল্লেখ্য, টাঙ্গাইল-৮ আসনটি সখীপুর ও বাসাইল উপজেলা নিয়ে গঠিত। আসনটিতে ২টি পৌরসভা ও ২০টি ইউনিয়ন রয়েছে।

আব্দুল্লাহ আল নোমান/কেএইচকে/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।