নুরুল হক নুর
প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিতে সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে
মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে সেখানে অবস্থানরত প্রবাসী বাংলাদেশি কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার সব ধরনের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর।
তিনি জানান, মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধে এখন পর্যন্ত চার প্রবাসী বাংলাদেশি মৃত্যু হয়েছে। ফলে নিহতদের মরদেহ দেশে ফিরিয়ে আনতে চেষ্টা চালাচ্ছে সরকার।
ছুটিতে দেশে ফেরার পরে সাম্প্রতিক পরিস্থিতির কারণে ফ্লাইট বাতিল হওয়ায় বা ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ায় প্রবাসীদের জন্য আবেদনের পরিপ্রেক্ষিতে দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানিয়েছেন প্রতিমন্ত্রী।
শুক্রবার (১৩ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মুন্সিগঞ্জের গজারিয়ায় হামদর্দ বিশ্ববিদ্যালয় মাঠ প্রাঙ্গণে জেলা গণঅধিকার পরিষদ আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী নুরুল হক নুর জানান, মধ্যপ্রাচ্যের বাইরে বাংলাদেশের শ্রমবাজার বিকেন্দ্রীকরণ ও সম্প্রসারণের লক্ষ্যে কাজ করছে বর্তমান সরকার।
তিনি বলেন, এরইমধ্যে কুয়েত, কাতার, সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন যাওয়ার জন্য আটকে পড়া শ্রমিকদের ভিসার মেয়াদ এক মাস বাড়ানো হচ্ছে।
তবে যাদের ভিসার মেয়াদ শেষ হয়েছে, তাদের এই সুবিধা পেতে অবশ্যই ৩১ মার্চের মধ্যে আবেদন করতে হবে বলে জানান প্রতিমন্ত্রী নুরুল হক নুর।
অনুষ্ঠানে মুন্সিগঞ্জ জেলা গণঅধিকার পরিষদের সাবেক আহ্বায়ক জাহিদুর রহমানের সভাপতিত্বে ও কেন্দ্রীয় যুব অধিকার পরিষদের প্রচার সম্পাদক ফারুক হোসেনের সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মুন্সিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ সদর সার্কেলের (সদর-গজারিয়া) অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন, গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহমুদুল হাসান, গজারিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সিদ্দিক উল্লাহ ফরিদ, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অধ্যাপক এ কে এম গিয়াস উদ্দিন, রফিকুল ইসলাম ভিপি মাসুম, মাসুদ ফারুক, ইসহাক আলী এবং মুন্সিগঞ্জ জেলা যুবদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব মোজাম্মেল হক মুন্না।
শুভ ঘোষ/এসআর