সাংবাদিককে ডেকে এনে ভ্রাম্যমাণ আদালত বসালেন এসিল্যান্ড

এসকে রাসেল
এসকে রাসেল এসকে রাসেল , জেলা প্রতিনিধি, কিশোরগঞ্জ কিশোরগঞ্জ
প্রকাশিত: ০৩:০৮ পিএম, ১৪ মার্চ ২০২৬
নিকলী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রতীক দত্ত ও সাংবাদিক আলী জামসেদ

কিশোরগঞ্জের নিকলী উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) প্রতীক দত্তের বিরুদ্ধে সংবাদ প্রকাশের জেরে দৈনিক নয়া দিগন্ত’র বাজিতপুর উপজেলা প্রতিনিধি আলী জামসেদকে আটক করার অভিযোগ উঠেছে। পরে আদালতে তোলা হলে বৃহস্পতিবার (১২ মার্চ) রাতেই তিনি জামিনে মুক্তি পান। ঘটনাটি ঘিরে স্থানীয় সাংবাদিকদের মধ্যে তীব্র ক্ষোভ ও উদ্বেগ সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার দুপুর প্রায় ১টার দিকে নিকলী হাসপাতাল মোড় এলাকায় একটি দোকানে বসে থাকা অবস্থায় ডেকে এনে সাংবাদিক আলী জামসেদকে আটক করেন নিকলী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) প্রতীক দত্ত।

স্থানীয় সাংবাদিকদের অভিযোগ, পূর্বে সহকারী কমিশনার (ভূমি) প্রতীক দত্তের অনিয়ম নিয়ে প্রকাশিত সংবাদকে কেন্দ্র করে পরিকল্পিতভাবে তাকে আটক করা হয়।

জানা গেছে, এসিল্যান্ড প্রতীক দত্তের বিভিন্ন অনিয়ম নিয়ে সাংবাদিক আলী জামসেদ সংবাদ প্রকাশ করে আসছিলেন। বৃহস্পতিবার জাতীয় দৈনিক নয়া দিগন্ত পত্রিকায় প্রকাশিত এক প্রতিবেদনে অভিযোগ করা হয় ‘বীর মুক্তিযোদ্ধার নাতি রিকশাচালককে মারধর এবং ৩৬ জন বীর মুক্তিযোদ্ধাকে স্থানীয় খাস জমি থেকে উচ্ছেদের নোটিশ দিয়েছেন এসিল্যান্ড প্রতীক দত্ত’। এ সংবাদ প্রকাশের পরই তিনি ক্ষিপ্ত হন বলে দাবি স্থানীয় সাংবাদিকদের।

স্থানীয় সাংবাদিকদের ভাষ্য, এর আগেও প্রতীক দত্তের বিরুদ্ধে দুর্নীতির নানা অভিযোগ নিয়ে সংবাদ প্রকাশ হয়েছিল। ওইসব প্রতিবেদনের জের ধরেই বৃহস্পতিবার দুপুরে নিকলী হাসপাতাল মোড়ের একটি দোকান থেকে ডেকে এনে সাংবাদিক আলী জামসেদকে আটক করা হয়। আটকের সময় তাকে লাঞ্ছিত করা হয়েছে বলেও অভিযোগ রয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম শেষে নিকলী থানা পুলিশের সহযোগিতায় তাকে আদালতের মাধ্যমে কিশোরগঞ্জ চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত পাঠানো হয়।

ভুক্তভোগী সাংবাদিক আলী জামসেদ বলেন, ‘সংবাদ প্রকাশের কারণে পুরোনো আক্রোশ মেটাতে আমাকে দোকান থেকে ডেকে এনে ভ্রাম্যমাণ আদালত বসানো হয়। কয়েক ঘণ্টা রোদে দাঁড় করিয়ে রাখার পর বিকেলে থানার গাড়িতে করে কিশোরগঞ্জ আদালতে পাঠানো হয়। রাত ১০টার দিকে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সবকিছু পর্যালোচনা করে আমাকে জামিন দেন।’

তিনি আরও বলেন, এ ঘটনার পর তিনি ও তার পরিবার মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন।

কিশোরগঞ্জ সাংবাদিক ফোরামের সভাপতি নূর মোহাম্মদ বলেন, সাংবাদিকরা যখন প্রশাসনের অনিয়ম-দুর্নীতির সংবাদ প্রকাশ করেন, তখন দুর্নীতিগ্রস্ত কিছু ব্যক্তি তাদের টার্গেটে পরিণত করে। এতে স্বাধীন সাংবাদিকতায় হস্তক্ষেপ করা হয়।

তিনি বলেন, দৈনিক নয়া দিগন্তের বাজিতপুর প্রতিনিধি আলী জামসেদ এসিল্যান্ডের আক্রোশের শিকার হয়েছেন। এ ঘটনায় কিশোরগঞ্জ সাংবাদিক ফোরামের পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। অবিলম্বে নিরপেক্ষ তদন্তের দাবি জানান তিনি।

এ বিষয়ে নিকলী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) প্রতীক দত্ত বলেন, ‘উনাকে (আলী জামসেদ) গাড়ির কাগজপত্র দেখাতে বলা হয়েছিল। তিনি জানান, তার গাড়ির কাগজপত্র নেই, নম্বর প্লেটও নেই। সম্ভবত তিনি টানা ধরনের একটি গাড়ি ব্যবহার করছিলেন। ড্রাইভিং লাইসেন্স চাইলে সেটিও দেখাতে পারেননি।’

তিনি আরও বলেন, ‘দোষ স্বীকার করলে জরিমানা করে ছেড়ে দেওয়া যেত। কিন্তু তিনি দোষ স্বীকার করেননি। তাই তাকে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়।’

নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, ভ্রাম্যমাণ আদালতের নির্দেশে পুলিশ সাংবাদিক আলি জামসেদকে কিশোরগঞ্জ চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হস্তান্তর করে।

কিশোরগঞ্জ জজ কোর্টের আইনজীবী অ্যাডভোকেট আব্দুল জলিল বলেন, বৃহস্পতিবার রাতে সাংবাদিক আলী জামসেদকে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিচারক সবকিছু পর্যালোচনা করে তার জামিন মঞ্জুর করেন।

বিভিন্ন সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, ছাত্রজীবনে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) শাখা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন প্রতীক দত্ত। সেসময় রাজধানীর শাহবাগ থানায় ছাত্র নির্যাতনের ঘটনায় তার বিরুদ্ধে একটি ফৌজদারি মামলাও হয়েছিল।

২০১৫ সালের ১২ এপ্রিল ফেসবুকে জামায়াত নেতা মুহাম্মদ কামারুজ্জামানের ফাঁসির সমালোচনামূলক মন্তব্য করায় বুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক জাহাঙ্গীর আলমকে লাঞ্ছিত করার ঘটনায়ও তার নাম উঠে আসে। ওই ঘটনার প্রতিবাদে বুয়েট শিক্ষক সমিতি ক্লাস বর্জন করে এবং বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট কয়েকজন ছাত্রলীগ নেতার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়। পরে হাইকোর্টের নির্দেশে প্রতীকসহ কয়েকজনকে আবার শিক্ষা কার্যক্রমে অংশ নেওয়ার সুযোগ দেওয়া হয়।

পরে তিনি ৩৮তম বিসিএসে প্রশাসন ক্যাডারে যোগ দেন। চাকরিজীবনে গোপালগঞ্জের কোটালীপাড়ায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালনকালে ২০২৪ সালের ১৮ ডিসেম্বর বাবার বয়সি এক ঠিকাদারকে প্রকাশ্যে চড় মারার ঘটনায় তিনি সংবাদমাধ্যমে আলোচনায় আসেন।

নিকলীতে যোগদানের আগে তিনি কোটালীপাড়ায় এসিল্যান্ড এবং এর আগে চট্টগ্রাম জেলা প্রশাসনে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেন। চট্টগ্রামের খাতুনগঞ্জে দায়িত্ব পালনের সময়ও এক ব্যবসায়ীর সঙ্গে বাগবিতণ্ডার ঘটনা নিয়ে সমালোচনায় পড়েন তিনি।

এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।