দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জেলা ছাত্রশক্তির সদস্য সচিবের পদ স্থগিত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাইবান্ধা
প্রকাশিত: ০৭:০৭ পিএম, ১৪ মার্চ ২০২৬

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জাতীয় ছাত্রশক্তি গাইবান্ধা জেলা শাখার সদস্য সচিব বাইজিদ বোস্তামি জিমের সদস্য পদ স্থগিত করা হয়েছে। একই সঙ্গে কেন তার বিরুদ্ধে স্থায়ী ব্যবস্থা নেওয়া হবে না, তা জানতে চেয়ে আগামী ২৪ ঘণ্টার মধ্যে লিখিত কারণ দর্শানোর (শোকজ) নির্দেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১২ মার্চ) সংগঠনের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মাহফুজুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই শাস্তিমূলক ব্যবস্থার কথা জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংগঠনের গঠনতন্ত্রের ধারা ৬.৪.৯ অনুযায়ী শৃঙ্খলাবিরোধী এবং সংগঠনের সুনাম ক্ষুণ্ণকারী কর্মকাণ্ডে জড়িত থাকার প্রাথমিক সত্যতা পাওয়ায় গঠনতন্ত্রের ধারা ৬.৬.২ মোতাবেক এই ব্যবস্থা নেওয়া হয়েছে। কেন্দ্রীয় সংসদের সভাপতি জাহিদ আহসান ও সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদারের নির্দেশক্রমে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জিমের সদস্য পদ স্থগিত থাকবে।

অভিযোগের সুষ্ঠু তদন্তের জন্য তিন সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন রাফিয়া রেহনুমা হৃদি। কমিটির উপ-প্রধান হিসেবে নাঈম আবেদীন এবং সদস্য হিসেবে রয়েছেন আল মেহরাজ শাহরীয়ার মিথুন।

তদন্ত কমিটিকে আগামী ৭২ ঘণ্টার মধ্যে একটি পূর্ণাঙ্গ ও নিরপেক্ষ প্রতিবেদন কেন্দ্রীয় সংসদের সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তদন্ত প্রতিবেদনের ওপর ভিত্তি করেই জিমের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে দলীয় সূত্রে জানা গেছে।

আনোয়ার আল শামীম/কেএইচকে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।